আজ রাতের আকাশে উঠেছে ‘হারভেস্ট মুন’, জানুন কেন এত বিশেষ

আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর রাতে পূর্ণিমার চাঁদ দেখা যাবে আকাশে। এবারের পূর্ণিমার বিশেষ নাম ‘হারভেস্ট মুন’। ২৬ সেপ্টেম্বর চাঁদ পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও কয়েক রাত ধরেই এটিকে প্রায় পূর্ণ চাঁদের মতো দেখা যাবে।
নাসার ডেইলি মুন গাইড অনুযায়ী, আজ চাঁদ পূর্ণিমা পর্যায়ে রয়েছে এবং পৃথিবী থেকে এর আলোকিত অংশের প্রায় ১০০ শতাংশই দৃশ্যমান হবে।
খালি চোখেই আজকের চাঁদের বেশ কিছু অংশ দেখা সম্ভব। এর মধ্যে রয়েছে মারে ক্রিসিয়াম, মারে ফেকুন্ডিটাটিস ও ওশেনাস প্রসেলারাম। দূরবীন ব্যবহার করলে পসিডোনিয়াস ও আলফনসাস ক্রেটারের পাশাপাশি মারে ফ্রিগোরিসও দেখা যেতে পারে। আর টেলিস্কোপ থাকলে অ্যাপোলো ১২ ও ১৬-এর অবতরণস্থল এবং শিলার ক্রেটার দেখার সুযোগ মিলতে পারে।
চাঁদের পূর্ণিমা পর্যায় শেষ হওয়ার পর এটি ধীরে ধীরে ক্ষয়িষ্ণু পর্যায়ে যাবে। পরবর্তী পূর্ণিমা হবে ২৫ বা ২৬ অক্টোবর, সময় অঞ্চলভেদে তারিখে সামান্য পার্থক্য হতে পারে।
পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের প্রায় ২৯ দশমিক ৫ দিন সময় লাগে। এ সময়ের মধ্যে পৃথিবী থেকে চাঁদের আলোকিত অংশের দৃশ্যমানতা পরিবর্তিত হয়। এর ফলে নতুন চাঁদ থেকে শুরু করে ক্রমে বাঁকা চাঁদ, অর্ধচন্দ্র, প্রায় পূর্ণ চাঁদ এবং পূর্ণিমা—এভাবে চাঁদের আটটি প্রধান পর্যায় দেখা যায়। এরপর আবার ক্ষয়িষ্ণু চাঁদের বিভিন্ন পর্যায় পেরিয়ে নতুন চাঁদের দিকে ফিরে যায়।



