জুতা খুললেই দুর্গন্ধ? যে অভ্যাসগুলো দায়ী

পছন্দের জুতা পরে বাইরে বের হওয়ার পর জুতা খুলতেই যদি পা থেকে তীব্র গন্ধ আসে, তাহলে বিষয়টি বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তবে মাঝে মধ্যে পায়ে দুর্গন্ধ হওয়া অস্বাভাবিক নয়। সাধারণত ঘাম, উষ্ণতা, আর্দ্রতা ও ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে পায়ে এমন গন্ধ তৈরি হয়।
ব্যক্তিগত পরিচ্ছন্নতার ঘাটতি ছাড়াও হরমোনের পরিবর্তন, অতিরিক্ত মানসিক চাপ কিংবা পায়ের কোনো সংক্রমণের কারণেও দুর্গন্ধ বাড়তে পারে। বিশেষ করে কিশোর-কিশোরী ও গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে পায়ে ঘাম বেশি হতে পারে।
তবে প্রতিদিনের কিছু অভ্যাসও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। যেমন—

একই জুতা প্রতিদিন পরা
আরামদায়ক বা প্রিয় জুতা প্রতিদিন পরার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু নিয়মিত একই জুতা ব্যবহার করলে সেটির ভেতরে ঘাম ও আর্দ্রতা জমে যায়। ফলে দুর্গন্ধ তৈরিকারী জীবাণু বেড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরি হয়।
তাই সম্ভব হলে একাধিক জোড়া জুতা ব্যবহার করে পালা করে পরুন। ব্যবহারের পর জুতাকে ভালোভাবে শুকানোর সুযোগ দেওয়াও জরুরি।
জুতা শুকানোর সুযোগ না দেওয়া
শুধু জুতা বদলে পরলেই হবে না, ব্যবহৃত জুতাকে পর্যাপ্ত বাতাস ও আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে। দীর্ঘ সময় বন্ধ, অন্ধকার বা স্যাঁতসেঁতে স্থানে রাখলে জুতার ভেতরে আর্দ্রতা আটকে থাকতে পারে।
জুতার দুর্গন্ধ কমাতে সেটি ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়। প্রয়োজনে জুতার ভেতরে সামান্য বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে।

পায়ের পরিচ্ছন্নতায় অবহেলা
পা নিয়মিত পরিষ্কার না করলে ঘাম, ময়লা ও মৃত কোষ জমে যেতে পারে। এসবের কারণে জীবাণু বেড়ে গিয়ে দুর্গন্ধ তৈরি করতে পারে।
তাই নিয়মিত পা ধুয়ে পরিষ্কার রাখা দরকার। বিশেষ করে জুতা পরার আগে পা ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া উচিত। ভেজা বা স্যাঁতসেঁতে পায়ে জুতা পরলে দুর্গন্ধের সমস্যা আরও বাড়তে পারে।
অপরিষ্কার বা ভুল ধরনের মোজা ব্যবহার
পায়ের অতিরিক্ত ঘাম শোষণ করতে মোজা বেশ কার্যকর। তবে দীর্ঘ সময় একই মোজা ব্যবহার করলে তাতে ঘাম ও জীবাণু জমে দুর্গন্ধ তৈরি হতে পারে।
তাই প্রতিদিন পরিষ্কার মোজা পরা উচিত। পা বেশি ঘামলে এমন মোজা বেছে নেওয়া ভালো, যা ঘাম শোষণ করতে পারে এবং পায়ে অতিরিক্ত আর্দ্রতা জমতে দেয় না।

দুর্গন্ধ কমাতে যা করতে পারেন
- প্রতিদিন পরিষ্কার মোজা ব্যবহার করুন।
- একই জুতা টানা কয়েক দিন না পরে পালা করে ব্যবহার করুন।
- জুতা ব্যবহারের পর শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।
- প্রতিদিন পা পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিন।
- দীর্ঘ সময় ভেজা মোজা বা জুতা পরে থাকবেন না।
- পায়ে চুলকানি, ক্ষত, খোসা ওঠা বা দীর্ঘস্থায়ী দুর্গন্ধ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।



