চলছে ‘আওয়ারাপন ২’ এর দাপট, ইমরানের সাফল্যে স্ত্রীর আবেগঘন পোস্ট

বলিউড অভিনেতা ইমরান হাশমির সর্বশেষ সিনেমা ‘আওয়ারাপন ২’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। এমন সাফল্যের পর ইমরান হাশমির ২৩ বছরের পথচলা নিয়ে কথা বলেছেন অভিনেতার স্ত্রী পারভীন হাশমি। সেই সঙ্গে ইমরানের বলিউড ক্যারিয়ারের দীর্ঘ পথচলার তুলে ধরে অভিনেতার প্রতি গর্ব প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আজকের এই জায়গায় পৌঁছাতে ইমির ২৩ বছর লেগেছে। ২৩ বছরের ধৈর্য, নিষ্ঠা, বিশ্বাস, আত্মসমর্পণ, অসংখ্য আশীর্বাদ ও প্রার্থনা।’
ইমরানের ক্যারিয়ারে সাফল্য ও ব্যর্থতা—দুই ধরনের সময় এসেছে উল্লেখ করেছেন পারভীন। তিনি লেখেন, ‘এমন অনেক শুক্রবার এসেছে, যেগুলো অসাধারণ আনন্দ নিয়ে এসেছে। আবার এমন শুক্রবারও এসেছে, যা দিয়েছে হৃদয়ভাঙা হতাশা। কিন্তু এর কোনোটিই তাকে সামনে এগিয়ে যাওয়া থেকে থামাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘সে কাজ করে গেছে, চেষ্টা করে গেছে এবং বিশ্বাস করেছে যে একদিন তার সমস্ত পরিশ্রমের ফল মিলবে।’
ইমরানের কাজের প্রতি নিষ্ঠারও প্রশংসা করেন পারভীন। তার কথায়, ‘আমি দেখেছি, সে প্রতিটি কাজের মধ্যে নিজের পুরোটা উজাড় করে দিয়েছে। আর এখন এত ভালো ফল, এত মানুষের ভালোবাসা পাওয়ার পরও আশপাশের মানুষ আমাকে জিজ্ঞেস করছেন—সে কীভাবে এতটা মাটির মানুষ এবং শান্ত থাকতে পারে?’
পারভীনের মতে, ইমরানের এই স্বভাবই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি লেখেন, ‘এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে।’
ইমরানকে নিয়ে জনপ্রিয় একটি মন্তব্যের কথাও উল্লেখ করেছেন পারভীন। ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর আলোচিত সংলাপ ‘আখা বলিউড এক তারফ, আউর ইমরান হাশমি এক তারফ’ উল্লেখ করে তিনি বলেন, সম্ভবত এই কারণে সংলাপটি ইন্ডাস্ট্রি ও ইমরানের ভক্তদের কাছে এতটা অর্থবহ।
নিজেকে ইমরানের অন্যতম কঠোর সমালোচক হিসেবেও উল্লেখ করেছেন পারভীন। তবে অভিনেতার সাম্প্রতিক সাফল্য এবং দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা দেখে তিনি ভীষণ গর্বিত বলে জানান।
পোস্টের শেষে অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে পারভীন লেখেন, ‘তাই কখনো নিজের স্বপ্ন ছেড়ে দিও না। মনোযোগী থাকো, শৃঙ্খলাবদ্ধ থাকো, বড় ছবিটার দিকে তাকিয়ে এগিয়ে যাও এবং যাত্রাটা উপভোগ করো।’
উল্লেখ্য নিতিন কক্করের পরিচালনায় ‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি ও সালিল আচার্য। বিশাল ভাট ও মুকেশ ভাটের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে বিশেশ ফিল্মসের ব্যানারে।



