বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৭ আগস্ট, ২০২৬
বিশ্লেষণ

মানুষের মুখের হাসি-দুঃখ চিনতে পারে কুকুর, বলছে গবেষণা

IMG_3603

মানুষের মুখের হাসি, রাগ, ভয় কিংবা দুঃখ—এসব আবেগ কুকুর শুধু দেখে নয়, মস্তিষ্কের কার্যকলাপের মাধ্যমেও আলাদা করে বুঝতে পারে। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় কুকুরের মস্তিষ্কে এমন সক্ষমতার প্রথম প্রমাণ পাওয়ার দাবি করেছেন গবেষকরা।

গবেষণায় ১২টি কুকুরের মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করেন গবেষকরা। এ সময় কুকুরগুলোকে বিভিন্ন আবেগ প্রকাশ করা মানুষের মুখের ছবি দেখানো হয়। মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে তাদের মস্তিষ্কের কার্যকলাপ বিশ্লেষণ করে দেখা যায়, মানুষের মুখের আবেগের ধরন অনুযায়ী কুকুরের মস্তিষ্কে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।

গবেষকরা জানান, মানুষের হাসিমুখ দেখার সময় কুকুরের মস্তিষ্কের টেম্পোরাল কর্টেক্স ও কডেট নিউক্লিয়াস সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্কের এই অংশগুলো উচ্চতর জ্ঞানীয় কার্যক্রম ও পুরস্কার-সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।

অন্যদিকে রাগ, ভয় কিংবা দুঃখের মুখাবয়ব একই ধরনের প্রতিক্রিয়া তৈরি করেনি ওই দুটি অঞ্চলে। তবে পুরো মস্তিষ্কের কার্যকলাপ বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান, ভয়, রাগ ও দুঃখের অভিব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা কার্যকলাপের ধরন তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে কুকুর নির্দিষ্ট নেতিবাচক আবেগের মুখাবয়বও আলাদা করে শনাক্ত করতে পারে—এমন প্রথম প্রমাণ পাওয়া গেছে বলে গবেষকদের দাবি।

গবেষণাটির জ্যেষ্ঠ লেখক লরা কুয়ায়া বলেন, মানুষের সঙ্গে দীর্ঘ বিবর্তনীয় সম্পর্কের কারণে কুকুর মানুষের অভিব্যক্তি বুঝতে এবং মানুষের সঙ্গে সহযোগিতা করতে শিখেছে। কুকুর কীভাবে মানুষের আবেগ বোঝে, সেটি উপলব্ধি করা গেলে তাদের সঙ্গে যোগাযোগ ও যত্নের ধরনও আরও কার্যকরভাবে নির্ধারণ করা সম্ভব।

পরবর্তী গবেষণায় মানুষের শরীরের ভাষা, কণ্ঠস্বরের সূক্ষ্ম পরিবর্তন ও গন্ধসহ বিভিন্ন সংকেত কুকুর কীভাবে একসঙ্গে ব্যবহার করে মানুষের আবেগ বোঝে, তা অনুসন্ধান করতে চান গবেষকরা। একই আবেগের সংকেত মানুষ ও কুকুরের মস্তিষ্ক কীভাবে প্রক্রিয়া করে, সেটিও তুলনা করার পরিকল্পনা রয়েছে তাদের।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এ গবেষণায় অংশ নেওয়া সব কুকুরই ছিল স্নেহপূর্ণ পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা পোষা প্রাণী। ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা কুকুর মানুষের আবেগগত সংকেতে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

Advertisements
আবেগকুকুরমানুষ