কর্মক্ষেত্রে পুরুষের বুদ্ধিমত্তা প্রশংসিত, নারীর ক্ষেত্রে কেন নেতিবাচক ?

অফিসের কনফারেন্স রুমে একটি জটিল প্রকল্পের বাজেট ও প্রযুক্তিগত ত্রুটি চোখের পলকে ধরে ফেললেন মার্কেটিং বিভাগের প্রধান মাইমুনা। সভায় উপস্থিত সবাই যখন বিষয়টি বুঝে উঠতে ব্যস্ত, তখনই গুছিয়ে সমাধান দিয়ে দিলেন তিনি। কিন্তু সভা শেষ হতে না হতেই সহকর্মীদের ফিসফাস শুরু, ‘মেয়েটা একটু বেশিই চালাক! সব সময় নিজেকে জাহির করতে চায়।’ অথচ একই কথা কোনো পুরুষ সহকর্মী বললে তাকে বলা হতো দূরদর্শী ও দক্ষ নেতা।
কর্মক্ষেত্রে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় অনেক নারীকে। একজন পুরুষের আত্মবিশ্বাস, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিংবা বিশ্লেষণী দক্ষতা যেখানে প্রশংসিত হয়, সেখানে একই গুণের অধিকারী নারীকে অনেক সময় অহংকারী, অতিরিক্ত চালাক কিংবা কম মিশুক হিসেবে দেখা হয়। অর্থাৎ নারীর বুদ্ধিমত্তা ও দক্ষতাই কখনো কখনো তার জন্য সামাজিক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক এক গবেষণায়ও উঠে এসেছে এমন বৈষম্যের চিত্র।
গবেষণাটি কী বলছে?
মার্কিন গবেষক নিত্যা চাওলার নেতৃত্বে পরিচালিত ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারসেকশন অব জেন্ডার অ্যান্ড কগনিটিভ অ্যাবিলিটি অন ইন্টারপারসোনাল আউটকামস: আ মাল্টিস্টাডি ইনভেস্টিগেশন’ শীর্ষক গবেষণাটি দুটি ধাপে সম্পন্ন হয়।
গবেষণায় যুক্তরাষ্ট্র ও চীনের মোট ৮২৬ জন অংশ নেন। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪৩২ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং দ্বিতীয় ধাপে চীনের একটি আর্থিক প্রতিষ্ঠানের ৩৯৪ জন পূর্ণকালীন কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়। প্রমিত বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞানীয় বা কগনিটিভ দক্ষতা পরিমাপ করা হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে একে অপরের সঙ্গে তাঁদের আচরণ ও পারস্পরিক সম্পর্কও মূল্যায়ন করা হয়।
বুদ্ধিমত্তাই কেন নারীর জন্য নেতিবাচক হয়ে ওঠে?
গবেষণার ফলাফলে দেখা গেছে, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন নারীরা সহকর্মীদের কাছ থেকে তুলনামূলকভাবে কম মানসিক ও কাজসংক্রান্ত সহযোগিতা পান। তাদের প্রতি নেতিবাচক মনোভাব, অবমূল্যায়ন এবং বৈরী আচরণের প্রবণতাও বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে তাদের অযৌক্তিকভাবে কম মিশুক কিংবা বেশি শত্রুভাবাপন্ন বলে মনে করা হয়।
অন্যদিকে, একই ধরনের বুদ্ধিমত্তা ও দক্ষতা প্রদর্শনকারী পুরুষদের ক্ষেত্রে এমন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং অনেক সময় তারা সহকর্মীদের কাছ থেকে বাড়তি সহযোগিতাও পেয়েছেন।
গবেষকদের মতে, এর পেছনে কাজ করে সমাজের প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণা। সামাজিক ভূমিকা তত্ত্ব অনুযায়ী, পুরুষদের কাছ থেকে আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও দক্ষতা প্রত্যাশা করা হয়। অন্যদিকে নারীদের ক্ষেত্রে প্রত্যাশা থাকে নমনীয়তা, সহযোগিতাপূর্ণ মনোভাব ও আন্তরিকতার। ফলে কোনো নারী যখন নিজের বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রকাশ করেন, তখন তা প্রচলিত সামাজিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। সহকর্মীরা অবচেতনভাবেই তাকে কম সহযোগিতাপূর্ণ বা অহংকারী হিসেবে বিবেচনা করতে পারেন। অথচ বাস্তবে তার আচরণের সঙ্গে এসব ধারণার কোনো সম্পর্ক নাও থাকতে পারে।
ছোট ছোট নেতিবাচক আচরণের বড় প্রভাব
কর্মক্ষেত্রে প্রতিদিনের ছোট ছোট অবমূল্যায়ন কিংবা নেতিবাচক মন্তব্য একজন নারীর মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যাওয়া, সহকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন বোধ করা কিংবা নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
গবেষক নিত্যা চাওলার মতে, এ ধরনের পরিস্থিতি এড়াতে নারীদের নিজেদের বুদ্ধিমত্তা বা দক্ষতা আড়াল করার প্রয়োজন নেই। বরং বৈষম্য দূর করার দায়িত্ব প্রতিষ্ঠান ও ব্যবস্থাপকদের। কর্মক্ষেত্রে নারী-পুরুষের প্রতি আচরণে কোনো পক্ষপাত আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। পাশাপাশি কোনো সহকর্মীর আচরণ বিচার করার আগে নিজেকে প্রশ্ন করা উচিত—একই কাজ কোনো পুরুষ কর্মী করলে কি তার প্রতিও একই ধরনের প্রতিক্রিয়া দেখাতাম?
বৈরী পরিবেশ থেকে জন্ম নিতে পারে ইমপোস্টার সিনড্রোম
অনেক মেধাবী ও সফল মানুষ নিজেদের অর্জনকে সহজে স্বীকার করতে পারেন না। তারা মনে করেন, তাদের সাফল্যের পেছনে যোগ্যতার চেয়ে ভাগ্যের ভূমিকা বেশি। সব সময় একধরনের ভয় কাজ করে—যেকোনো সময় অন্যরা তাদের অযোগ্যতা ধরে ফেলবে। মনোবিজ্ঞানে এই অনুভূতিকে বলা হয় ইমপোস্টার সিনড্রোম।
কর্মক্ষেত্রে নারী-পুরুষের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। একজন পুরুষ জোরালোভাবে নেতৃত্ব দিলে তাকে দৃঢ়চেতা বা দক্ষ নেতা বলা হয়। কিন্তু একই আচরণ কোনো নারী করলে তাকে অনেক সময় একরোখা কিংবা অহংকারী হিসেবে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন এমন পরিস্থিতির মুখোমুখি হলে নারীরা নিজের যোগ্যতা নিয়েই সন্দেহ করতে শুরু করেন।
কিছু গবেষণায় দেখা গেছে, জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রায় ৭০ শতাংশ মানুষ ইমপোস্টার সিনড্রোমের মতো অনুভূতির অভিজ্ঞতা লাভ করেন। অতিরিক্ত নিখুঁত হওয়ার প্রবণতা, ব্যর্থতার ভয় এবং প্রতিযোগিতামূলক পরিবেশ এ ধরনের অনুভূতি তৈরিতে ভূমিকা রাখতে পারে। এ অবস্থা কাটিয়ে উঠতে নিজের অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়া, অন্যের সঙ্গে অহেতুক তুলনা বন্ধ করা এবং বিশ্বস্ত মানুষ কিংবা মেন্টরের সঙ্গে খোলামেলা আলোচনা করা সহায়ক হতে পারে।
ইমপোস্টার সিনড্রোম যেভাবে পেশাগত অগ্রগতিতে বাধা দেয়
এই মানসিক অবস্থার কারণে নারীদের কর্মজীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
যেমন—
১. পদোন্নতি ও নতুন সুযোগ হারানো: নিজেকে যথেষ্ট যোগ্য মনে না করায় অনেক নারী বড় প্রকল্পের দায়িত্ব নিতে কিংবা পদোন্নতির জন্য আবেদন করতে দ্বিধা করেন। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা নতুন সুযোগ থেকে পিছিয়ে পড়েন।
২. অতিরিক্ত কাজের চাপ ও মানসিক ক্লান্তি: নিজের যোগ্যতা বারবার প্রমাণ করার তাগিদে অনেকে প্রয়োজনের চেয়ে বেশি কাজ করেন। সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা থেকে তৈরি হয় বাড়তি চাপ, যা একসময় মানসিক অবসাদ ও বার্নআউটের কারণ হতে পারে।
৩. নেতৃত্বের গুণ প্রকাশে বাধা: নিজের দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসের অভাবে অনেকে সভায় মতামত প্রকাশ করতে কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখতে দ্বিধা করেন। এতে তাদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা যথাযথভাবে প্রকাশ পায় না।
৪. নতুন চ্যালেঞ্জ নিতে ভয়: ব্যর্থ হলে অন্যরা কী ভাববে, এই আশঙ্কায় অনেকে নতুন কোনো উদ্যোগ বা চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব নিতে চান না। ফলে তাদের পেশাগত বিকাশের সুযোগ সীমিত হয়ে পড়ে।
কর্মক্ষেত্রে একজন নারীর বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস কিংবা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার দুর্বলতা নয়, বরং শক্তি। কিন্তু প্রচলিত সামাজিক ধারণা ও বৈষম্যমূলক আচরণের কারণে সেই শক্তিই কখনো কখনো তার জন্য বাধা হয়ে দাঁড়ায়। এই দৃষ্টিভঙ্গি বদলাতে হলে শুধু নারীদের আত্মবিশ্বাসী হলেই চলবে না, সহকর্মী থেকে শুরু করে প্রতিষ্ঠানের নীতিনির্ধারক—সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে।
সূত্র: ডয়চে ভেলে, সাইকোলজি টুডে



