১৬ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্লেষণ

স্বাস্থ্য খাতে দুর্নী’তির ভয়া’বহ চিত্র, ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন চিকিৎসকদের!

swasthz-1747575649

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও স্বার্থের সংঘাতের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকদের ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) গবেষণা বলছে, বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।

সম্প্রতি প্রকাশিত সংস্থাটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে স্বাস্থ্য খাতের এমন নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি, সরকারি কেনাকাটায় আর্থিক ক্ষতি এবং চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার মতো বিষয়ও তুলে ধরা হয়েছে।

চিকিৎসকদের অনুপস্থিতি ও কমিশন বাণিজ্য

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শন চালিয়ে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে পরবর্তী এক গবেষণায় চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশেরও বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা গ্রহণ করা ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও উঠে এসেছে গবেষণায়।

অন্যদিকে, রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া-নেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারি কেনাকাটায় শতকোটি টাকার ক্ষতি

Advertisements

স্বাস্থ্য খাতের সরকারি কেনাকাটাতেও বড় ধরনের অনিয়মের চিত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার কথা বলা হয়েছে। কিছু সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

হাসপাতালসেবায় দালাল ও অবৈধ অর্থ আদায়

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হওয়ার বিষয়টিও উঠে এসেছে। শয্যা বরাদ্দ, ছাড়পত্র এবং অস্ত্রোপচারের তারিখ নির্ধারণের নামে অর্থ আদায়, দালালের দৌরাত্ম্য এবং রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানোর মতো অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাঁকে অন্যত্র বদলি করা হয়।

নিয়োগ ও পদোন্নতিতেও রাজনৈতিক প্রভাব

স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করেছে গবেষণাটি। এ প্রসঙ্গে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএইচডব্লিউ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৯টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান ও তদারকিতে পর্যাপ্ত উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি, যা ২০২২-২৩ সালে বেড়ে দাঁড়ায় ১১৮টিতে।

দুর্নীতি কমাতে কী সুপারিশ?

প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকির দুর্বলতা স্বাস্থ্য খাতে দুর্নীতির সুযোগ তৈরি করছে। তাঁর মতে, শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রতিষ্ঠানের সংস্কৃতিতেও সততা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতও মনে করেন, কেবল ব্যক্তিকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পুরো ব্যবস্থার কাঠামোগত সংস্কার। দুর্নীতি ও অনিয়ম রোধে রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ নিষিদ্ধ করা, চিকিৎসকদের সঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা এবং সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছে বিএইচডব্লিউ। পাশাপাশি চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো তৈরি, স্বাস্থ্যকর্মীদের জন্য ডিজিটাল তথ্যব্যবস্থা চালু, প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের প্রণোদনা এবং অনিয়ম প্রকাশকারীদের সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে গবেষণাটিতে দেশের স্বাস্থ্যসেবার নানা স্তরে জবাবদিহির ঘাটতি ও দুর্নীতির যে চিত্র উঠে এসেছে, তা স্বাস্থ্য খাতের সংস্কারের প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে। রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

Advertisements