বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
বিশ্লেষণ

গ্রামে ১০ জনে প্রায় একজন উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যায় আক্রান্ত

722a7f8a-8b20-4b04-b565-b6bb6554d232

বাংলাদেশের গ্রামীণ জনপদে উচ্চ রক্তচাপের পাশাপাশি উদ্বেগ বা বিষণ্নতার উপসর্গে ভুগছেন উল্লেখযোগ্যসংখ্যক প্রাপ্তবয়স্ক। নতুন এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজনের উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যার উপসর্গ একসঙ্গে রয়েছে। হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস, ধূমপান, দীর্ঘমেয়াদি রোগ এবং তামাক ব্যবহারকে এ যৌথ স্বাস্থ্যঝুঁকির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা।

আন্তর্জাতিক জার্নাল ‘হেলথ সায়েন্স রিপোর্টস’-এ প্রকাশিত গবেষণায় মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ বাংলাদেশের মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ ও উদ্বেগ-বিষণ্নতার যৌথ উপস্থিতির সঙ্গে সম্পর্কিত ঝুঁকির কারণগুলো শনাক্ত করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের প্রভাষক মোহাম্মদ রকি খান চৌধুরীর নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। এতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অংশ নেন।

গবেষণার জন্য ২০২১ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ঝিনাইদহ জেলার একটি গ্রামীণ এলাকার ১ হাজার ৬০৩ জন প্রাপ্তবয়স্কের তথ্য সংগ্রহ করা হয়। উদ্বেগ ও বিষণ্নতার উপসর্গ মূল্যায়নে ‘জিএডি-৭’ ও ‘পিএইচকিউ-৯’ স্কেল ব্যবহার করা হয়। পাশাপাশি তিন দফায় রক্তচাপ পরিমাপের মাধ্যমে উচ্চ রক্তচাপ নির্ণয় করা হয়।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৮ দশমিক ৭ শতাংশের মধ্যে একই সঙ্গে উচ্চ রক্তচাপ এবং উদ্বেগ বা বিষণ্নতার উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৫ দশমিক ২ শতাংশের উদ্বেগ, বিষণ্নতা ও উচ্চ রক্তচাপ—তিনটিই ছিল। এছাড়া ২ দশমিক ২ শতাংশের ক্ষেত্রে বিষণ্নতা ও উচ্চ রক্তচাপ এবং ১ দশমিক ৩ শতাংশের ক্ষেত্রে উদ্বেগ ও উচ্চ রক্তচাপ একসঙ্গে শনাক্ত হয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এ যৌথ স্বাস্থ্যসমস্যার হার ১১ দশমিক ৯ শতাংশ। নারীদের ক্ষেত্রে এ হার ১১ দশমিক ১ শতাংশ, যেখানে পুরুষদের মধ্যে তা ৬ দশমিক ৪ শতাংশ। আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন ব্যক্তি, গৃহিণী, স্থূলকায় মানুষ এবং যাদের কোমর-নিতম্বের অনুপাত বেশি, তাদের মধ্যেও এ সমস্যা তুলনামূলক বেশি পাওয়া গেছে।

Advertisements

দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। ডায়াবেটিসে আক্রান্তদের ২৩ দশমিক ৩ শতাংশ, হৃদ্‌রোগে আক্রান্তদের ২৭ দশমিক ৯ শতাংশ এবং যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে তাদের ১৩ দশমিক ৭ শতাংশের মধ্যে উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যার যৌথ উপস্থিতি শনাক্ত হয়েছে।

ঝুঁকির কারণ চিহ্নিত করতে গবেষকেরা ছয়টি মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করেন। এর মধ্যে গ্রেডিয়েন্ট বুস্টিং, কে-নিয়ারেস্ট নেবার, লজিস্টিক রিগ্রেশন, র‌্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন এবং এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং ছিল। এসব পদ্ধতির মধ্যে সাপোর্ট ভেক্টর মেশিন সবচেয়ে কার্যকর ফল দেয়।

পরবর্তী বিশ্লেষণে হৃদ্‌রোগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাসকারী হিসেবে পাওয়া যায়। এরপর রয়েছে উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস, ধূমপানের ইতিহাস, দীর্ঘমেয়াদি রোগ, তামাক ব্যবহার, শিক্ষার স্তর, কোমর-নিতম্বের অনুপাত, কর্মসংস্থানের অবস্থা, শরীরের ভরসূচক এবং বয়স।

গবেষকদের মতে, গ্রামীণ বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্যকে আলাদা দুটি সমস্যা হিসেবে না দেখে সমন্বিতভাবে মোকাবিলা করা প্রয়োজন। বিশেষ করে হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তি, পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে এমন মানুষ এবং ধূমপায়ী বা তামাক ব্যবহারকারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবা যুক্ত করা, গণস্ক্রিনিং, ধূমপান ও তামাক ছাড়ার কর্মসূচি এবং পরিবারভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদারের পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

গবেষণার প্রধান গবেষক ড. মোহাম্মদ রকি খান চৌধুরী বলেন, গ্রামীণ এলাকায় কাজ করতে গিয়ে তারা দেখেছেন, অনেক মানুষ উচ্চ রক্তচাপের চিকিৎসা নিলেও মানসিক স্বাস্থ্যের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায় না। আবার উদ্বেগ বা বিষণ্নতায় ভুগছেন এমন অনেকের উচ্চ রক্তচাপ আছে কি না, সেটিও নিয়মিত পরীক্ষা করা হয় না। এ দুই সমস্যার মধ্যে সম্পর্ক বোঝার প্রয়োজন থেকেই গবেষণাটি পরিচালনা করা হয়েছে।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি দেশের একটি মাত্র গ্রামীণ এলাকায় পরিচালিত হওয়ায় পুরো বাংলাদেশের চিত্রকে সম্পূর্ণভাবে প্রতিনিধিত্ব নাও করতে পারে। পাশাপাশি এটি একটি ক্রস-সেকশনাল গবেষণা হওয়ায় উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যার মধ্যে সরাসরি কারণ-সম্পর্ক নিশ্চিত করা সম্ভব নয়। তাই বৃহত্তর পরিসরে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

Advertisements
উচ্চ রক্তচাপমানসিক সমস্যা