যে সড়ক পাড়ি দিতে লাগে প্রায় দুই মাস

বিশ্বের দীর্ঘতম সড়কপথগুলোর একটি প্যান-আমেরিকান হাইওয়ে। উত্তর আমেরিকার আলাস্কার প্রুডো বে থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত এই মহাসড়কের দৈর্ঘ্য প্রায় ৩০ হাজার কিলোমিটার।
মহাসড়কটি মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা ও পানামা অতিক্রম করে দক্ষিণ আমেরিকায় প্রবেশ করেছে। এরপর এটি কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি ও আর্জেন্টিনার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অংশে এই রুটের একাধিক বিকল্প পথও রয়েছে।
বিশাল এই পথটি একটানা অতিক্রম করতে সাধারণত একজন ভ্রমণকারীর প্রায় ৬০ দিন বা দুই মাস সময় লাগে। তবে যাত্রার সময় নির্ভর করে যানবাহনের গতি, আবহাওয়া এবং পথে নেওয়া বিরতির ওপর।
কার্লোস সান্তামারিয়া নামের এক পর্যটক পুরো পথটি শেষ করতে ১১৭ দিন সময় নিয়েছিলেন। বিশ্বের দীর্ঘতম সড়কপথগুলোর অন্যতম এই মহাসড়ক প্রতি বছর অসংখ্য পর্যটক ও অভিযাত্রীর আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।



