আম খেলে কি ওজন বাড়ে? কতটুকু খাওয়া উচিত?

গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণের জন্য ফলটির জনপ্রিয়তা সব বয়সী মানুষের কাছেই। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে—আম খেলে কি ওজন বাড়ে? ডায়াবেটিস থাকলে কি আম খাওয়া যাবে? আর দিনের কোন সময়ে আম খাওয়া সবচেয়ে উপকারী?
পুষ্টিগুণে ভরপুর আম

খোসা ও আঁটি ছাড়া ১০০ গ্রাম আমে প্রায় ৬৫-৭০ ক্যালরি থাকে। এতে রয়েছে শর্করা, আঁশ, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামসহ নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। আমে থাকা বিটা-ক্যারোটিন চোখের জন্য উপকারী, আর ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।
আম না ভাত—কোনটিতে ক্যালরি বেশি?
অনেকেই মনে করেন আম খেলে দ্রুত ওজন বেড়ে যায়। কিন্তু বাস্তবে ১০০ গ্রাম আমের ক্যালরি প্রায় ৭০, যেখানে একই পরিমাণ সেদ্ধ ভাতে থাকে প্রায় ১২৫ ক্যালরি। অর্থাৎ ক্যালরির দিক থেকে ভাতের তুলনায় আম কম শক্তি সরবরাহ করে। তবে আমে প্রাকৃতিক চিনি থাকায় পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি।
দিনের কোন সময়ে আম খাওয়া ভালো?
পুষ্টিবিদদের মতে, সকালে বা দুপুরের আগে আম খাওয়া সবচেয়ে ভালো। এ সময় শরীর সহজে ফলের প্রাকৃতিক শর্করা ব্যবহার করতে পারে।

১। সকালের নাশতার অংশ হিসেবে আম খাওয়া যেতে পারে।
২। দুপুরের খাবারের বিকল্প হিসেবেও নির্দিষ্ট পরিমাণ আম খাওয়া সম্ভব।
৩। বিকেলের হালকা নাশতায় অল্প পরিমাণ আম উপকারী হতে পারে।
৪। রাতে বা ঘুমানোর ঠিক আগে আম খাওয়া এড়িয়ে চলাই ভালো।
একজন সুস্থ মানুষ কতটুকু আম খেতে পারেন?
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি দিনে ৩০০ থেকে ৩৫০ গ্রাম আম খেতে পারেন। এটি সাধারণত দুইটি বড় বা তিনটি মাঝারি আকারের আমের সমান। তবে সারাদিনের মোট ক্যালরি গ্রহণের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমাণ নির্ধারণ করা উচিত।
আম খাওয়ার সঠিক উপায়
শুধু আম খাওয়াই নয়, কীভাবে খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ।

১। আম জুস করে না খেয়ে সরাসরি খাওয়া ভালো।
২। ধীরে ধীরে চিবিয়ে খেলে হজম সহজ হয়।
৩। আমের সঙ্গে ভাত, রুটি, মুড়ি বা অন্যান্য শর্করাযুক্ত খাবার না খাওয়াই ভালো।
৪। আম খাওয়ার পর কিছুটা হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম উপকারী হতে পারে।
ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারবেন?
ডায়াবেটিস থাকলেই আম সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে সীমিত পরিমাণে আম খাওয়া যেতে পারে। একবারে বেশি না খেয়ে ছোট পরিমাণে খাওয়া ভালো। চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকায় আম রাখা নিরাপদ।
যাদের সতর্ক থাকা প্রয়োজন
কিডনি রোগীদের অনেক ক্ষেত্রে পটাশিয়াম গ্রহণ সীমিত রাখতে হয়। যেহেতু আমে পটাশিয়াম রয়েছে, তাই কিডনি রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে আম খাওয়া উচিত। এছাড়া যাঁদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হয়, তাঁদেরও পরিমাণের দিকে বিশেষ নজর দিতে হবে।
অতিরিক্ত আম খেলে কী হতে পারে?
পরিমিত পরিমাণে আম উপকারী হলেও অতিরিক্ত খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন—

১। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া
২। অতিরিক্ত ক্যালরি গ্রহণের ফলে ওজন বৃদ্ধি
৩। গ্যাস, অস্বস্তি বা হজমের সমস্যা
৪। কিছু ক্ষেত্রে ডায়রিয়া বা পেট খারাপ
আম শুধু সুস্বাদু ফল নয়, এটি ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্বপূর্ণ উৎস। তাই ভয় না পেয়ে সঠিক সময়ে, পরিমিত পরিমাণে এবং সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে আম খেলে এর স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব।



