দ্রুত বয়স বাড়ছে ত্বকের যে কারণে

একসময় ধারণা করা হতো, ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হতে শুরু করে চল্লিশ বা পঞ্চাশের পর। তবে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ত্বক বিশেষজ্ঞদের মতে, অনেকের ক্ষেত্রেই বিশের শেষভাগেই দেখা দিচ্ছে ত্বকের নানা পরিবর্তন- নিস্তেজ ভাব, পানিশূন্যতা, বলি রেখা, পিগমেন্টেশন এবং স্থিতিস্থাপকতা কমে যাওয়ার মতো লক্ষণ।
বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে শুধু বয়সই ভূমিকা রাখছে এমন নয়, আধুনিক জীবনযাপনও বড়। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা, অনিয়মিত ঘুম, মানসিক চাপ, দূষণ এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস-সব মিলিয়ে ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফলে এখন আগের তুলনায় অনেক কম বয়সেই ত্বকের যত্ন নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অতিরিক্ত স্ক্রিন টাইম
দিনের বেশির ভাগ সময় স্ক্রিনের সামনে থাকা, মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, দূষণ এবং রোদের ক্ষতিকর প্রভাব—সব মিলিয়ে ত্বক আগের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছে। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও এলইডি আলোর মাধ্যমে আমরা প্রতিদিন যে নীলচে আলো বা ব্লু লাইটের সংস্পর্শে আসি, তা ত্বকের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, এই ব্লু লাইট ত্বকের গভীরে প্রবেশ করে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, যা কোলাজেন ও ইলাস্টিনের ক্ষয় ত্বরান্বিত করে। ফলে ত্বক ধীরে ধীরে তার স্বাভাবিক টানটান ভাব হারায় এবং দেখা দিতে পারে অমসৃণ টেক্সচার, মলিনতা ও সূক্ষ্ম বলিরেখা।
মানসিক চাপ
শুধু স্ক্রিন নয়, মানসিক চাপও ত্বকের বড় শত্রু হিসেবে কাজ করছে। কাজের চাপ, ব্যক্তিগত উদ্বেগ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন দীর্ঘমেয়াদে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ত্বকের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে। এর ফলে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক, সংবেদনশীল ও ক্লান্ত। অনেকের ক্ষেত্রে দেখা দেয় প্রাপ্তবয়স্ক বয়সের ব্রণ, লালচে ভাব ও দীর্ঘস্থায়ী নিস্তেজতা।

পর্যাপ্ত ঘুম না হওয়া
পর্যাপ্ত ঘুমের অভাব ও নিয়মিত চাপের মধ্যে থাকা ত্বকের পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এ কারণেই সৌন্দর্যবিশ্বে এখন আলোচনায় এসেছে ‘বার্নআউট স্কিন’ ধারণা। এই ধরনের ত্বক সাধারণত ক্লান্ত, প্রদাহপ্রবণ এবং সহজেই প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।
ইউভিএ রে
অন্যদিকে ত্বকের অকাল বার্ধক্যের অন্যতম প্রধান কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি। ইউভিএ রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে কোলাজেন ভাঙে, আর ইউভিবি রশ্মি কোষের ক্ষতি করে পিগমেন্টেশন ও ট্যান সৃষ্টি করে। বিশেষ করে দক্ষিণ এশীয় ত্বকে দীর্ঘমেয়াদি সূর্যালোকের প্রভাবে অল্প বয়সেই কালচে দাগ ও অসম ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যা প্রতিরোধে প্রতিদিন ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার, পর্যাপ্ত পানি পান, মানসম্মত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত কোমল স্কিনকেয়ার রুটিন অনুসরণ করা জরুরি। সুন্দর ত্বক এখন শুধু প্রসাধনীর ফল নয়, বরং জীবনযাপন, বিশ্রাম ও সামগ্রিক সুস্থতার প্রতিফলন।



