বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিনোদন

হামলার ভিডিওতে কেটি পেরির গান ব্যবহার, হোয়াইট হাউসের ওপর চটলেন গায়িকা

হামলার ভিডিওতে কেটি পেরির গান ব্যবহার, হোয়াইট হাউসের ওপর চটলেন গায়িকা

হোয়াইট হাউসের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। ইরানে সামরিক হামলার একটি প্রচারণামূলক ভিডিওতে তার জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় তিনি চটেছেন। পেরি স্পষ্ট করে বলেছেন, গানটি ব্যবহারের আগে তার অনুমতি নেওয়া হয়নি এবং এই যুদ্ধের প্রতি তার কোনো সমর্থন নেই।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। ইরানে মার্কিন সামরিক হামলার দৃশ্য সংবলিত ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছিল কেটি পেরির ২০১০ সালের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’। বিশেষ করে, গানটির ‘বুম, বুম, বুম’ লিরিক্সের সঙ্গে মিলিয়ে নিখুঁতভাবে বিস্ফোরণের দৃশ্যগুলো জুড়ে দেওয়া হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হয়েছে’।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দীর্ঘ বিবৃতি দেন কেটি পেরি। তিনি লেখেন, ‘হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে সামরিক হামলার ভিডিওতে ‘ফায়ারওয়ার্ক’ গানটি ব্যবহৃত হতে দেখে আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ ব্যবহারের জন্য আমার অনুমতি নেওয়া হয়নি, আমাকে কিছুই জানানো হয়নি এবং আমি এর কোনোভাবেই সমর্থন করি না।’

কেটি আরও বলেন, ‘আমি এই গান লিখেছিলাম মানুষের জীবনের কঠিন সময়ে আশা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে। সেই বার্তাবাহী গানকে ধ্বংস ও সহিংসতার পটভূমি হিসেবে ব্যবহার করা আমার গানের মূল চেতনার সম্পূর্ণ লঙ্ঘন। আমার গান মানুষকে একত্র করার জন্য, যুদ্ধ উদ্‌যাপনের জন্য নয়।’

Advertisements

প্রতিবেদন অনুযায়ী, ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস ভিডিওটি প্রকাশ করে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলছে, অন্যদিকে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র, নৌ ও পারমাণবিক স্থাপনা-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

কেটি পেরিই প্রথম শিল্পী নন, যিনি রাজনৈতিক প্রচার বা সরকারি ভিডিওতে নিজের গান ব্যবহারের প্রতিবাদ করেছেন। গত জুনে গায়িকা আরিয়ানা গ্রান্দেও অভিবাসন অভিযান-সংক্রান্ত হোয়াইট হাউসের একটি টিকটক ভিডিওতে তার ‘বাই’ গান ব্যবহারের সমালোচনা করেছিলেন। এর আগে সাবরিনা কার্পেন্টার, অলিভিয়া রদ্রিগো, সেলিন ডিওন, নিল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বা ভিডিওতে তাদের গান ব্যবহারের বিরোধিতা করেছেন।

কেটি পেরির বিবৃতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার অবস্থানকে সমর্থন করেছেন। আবার কেউ মনে করিয়ে দিয়েছেন, তিনি আগেই নিজের সংগীতের স্বত্বের একটি বড় অংশ লিটমাস মিউজিকের কাছে বিক্রি করেছেন এবং তার গান টিকটকের সঙ্গে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের লাইসেন্স চুক্তির আওতায় রয়েছে। অন্যদিকে অনেক ভক্তের পরামর্শ, অনুমতি ছাড়া গান ব্যবহার হয়ে থাকলে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

এদিকে কেটি পেরি তার নতুন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য লাইফটাইম ট্যুর ফ্রম প্যারিস’–এর ঘোষণাও দিয়েছেন। প্যারিসে অনুষ্ঠিত তার ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি শো নিয়ে নির্মিত এই কনসার্ট ফিল্ম শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিভিন্ন দেশে মুক্তির তারিখ পরে জানানো হবে।

সূত্র: এনডিটিভি

Advertisements
ইরানকেটি পেরিভিডিওহোয়াইট হাউস