বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
নারী

কৌটায় টাকা সঞ্চয় ১০৪ বছর বয়সী বৃদ্ধার, স্বপ্ন ছিল হজের

image-32121-1780124012-1780128884

ইন্দোনেশিয়ার ১০৪ বছর বয়সী নারী মবাহ মারসিয়াহ চলতি বছর বিশ্বের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে পবিত্র হজ পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বয়স শুধু একটি সংখ্যা- এই প্রবাদকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন।

পূর্ব জাভার কেদিরি অঞ্চলের এই বাসিন্দা ছিলেন একজন সাধারণ পোরিজ বিক্রেতা। দীর্ঘদিন ধরে খুব সাধারণ জীবনযাপন করলেও ছোট ছোট সঞ্চয়ের অভ্যাস ছিল তার। সেই সঞ্চয় জমাতেন একটি কৌটায়, যেখানে ধীরে ধীরে তৈরি হয় জীবনের সবচেয়ে বড় স্বপ্ন-হজ পালনের প্রস্তুতি।

বহু বছর ধরে অল্প অল্প করে টাকা জমানোর এই যাত্রায় কখনো কখনো তার ছেলে আর্থিক সহায়তা করতেন। তবে নিজের স্বপ্নের কথা তিনি শুরুতে খুব একটা প্রকাশ করেননি পরিবারের কাছে বা অন্য কোথাও।

পর্যাপ্ত অর্থ জমার পর ২০২১ সালে তিনি হজের জন্য নিবন্ধন করেন। ১০৪ বছর বয়সে হজ পালন করে মবাহ মারসিয়াহ প্রমাণ করেছেন যে ইচ্ছা, ধৈর্য আর বিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।

Advertisements

মবাহ মারসিয়াহ, যিনি ১৯২১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন, বয়স ও শতবর্ষের নানা শারীরিক জটিলতায় এখন অনেকটাই দুর্বল। লাঠির সাহায্যে কিছুটা চলাফেরা করতে পারলেও হজের পুরো আনুষ্ঠানিকতায় তিনি হুইলচেয়ার ব্যবহার করেন।

গত ২২ মে, শুক্রবার তিনি তার ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান। ইন্দোনেশিয়ার প্রায় ২ লাখ ২১ হাজার হজযাত্রীর বিশাল বহরের সঙ্গে তিনি মক্কায় পৌঁছান। দীর্ঘ অপেক্ষা, ধৈর্য আর সঞ্চয়ের পর অবশেষে পবিত্র ভূমিতে পা রেখে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন এই ১০৪ বছর বয়সী নারী।

পরিবারের সহযোগিতা, বছরের পর বছর ধরে গড়ে তোলা সঞ্চয় আর অদম্য ইচ্ছাশক্তির সমন্বয়ে তার এই যাত্রা হয়ে ওঠে এক অনুপ্রেরণামূলক মানবিক গল্প।

Advertisements
১০৪ বছরইন্দোনেশিয়াকৌটাটাকা সঞ্চয়নারীহজ