টেবিলে বিভ্রান্তি: মকটেল আর ককটেল কি এক?

রেস্টুরেন্টে গিয়ে অনেকেই মেন্যু হাতে নিয়ে দ্বিধায় পড়ে যান- ‘ককটেল খাব, নাকি মকটেল ?’ আবার কেউ কেউ এই দুই শব্দকে একই জিনিস ভেবে ফেলেন। শুনতে কাছাকাছি হলেও বাস্তবে ককটেল আর মকটেল একেবারেই ভিন্ন দুই পানীয়ের জগৎ। একটিতে থাকে অ্যালকোহল, অন্যটি সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত। তবে শুধু এই পার্থক্যেই শেষ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সংস্কৃতি, স্বাদ, লাইফস্টাইল এবং সামাজিক অভ্যাসের গল্পও।
আজকের গল্প সেই ককটেল আর মোকটেলকে ঘিরেই।
ককটেল কী?
ককটেল হলো এমন এক ধরনের পানীয়, যেখানে সাধারণত অ্যালকোহলের সঙ্গে বিভিন্ন ফলের রস, সফট ড্রিংকস, সিরাপ, হার্বস বা মশলা মিশিয়ে তৈরি করা হয়। এর উদ্দেশ্য শুধু পান করা নয়, বরং স্বাদ, গন্ধ ও উপস্থাপনার মাধ্যমে এক ধরনের অভিজ্ঞতা তৈরি করা।
বিশ্বজুড়ে জনপ্রিয় ককটেলের মধ্যে রয়েছে মার্গারিটা, মোহিতো, মার্টিনি কিংবা পিনা কোলাডা। প্রতিটি ককটেলের আলাদা স্বাদ ও বৈশিষ্ট্য রয়েছে। কেউ পছন্দ করেন টক-মিষ্টি ফ্লেভার, কেউবা পছন্দ করেন তীব্র স্বাদের পানীয়। অনেক সময় ককটেলকে “সোশ্যাল ড্রিংক” হিসেবেও দেখা হয়। পার্টি, করপোরেট অনুষ্ঠান কিংবা ফাইন ডাইনিংয়ের পরিবেশে ককটেলের উপস্থিতি বেশ সাধারণ।
তাহলে মকটেল কী?
মকটেল শব্দটি এসেছে “মক” এবং “ককটেল” শব্দের সংমিশ্রণে। অর্থাৎ, ককটেলের মতো দেখতে বা পরিবেশিত হলেও এতে কোনো অ্যালকোহল থাকে না। ফল, সোডা, মিন্ট, লেবু, সিরাপ, বরফ কিংবা বিভিন্ন ফ্লেভার দিয়ে তৈরি এই পানীয় মূলত তাদের জন্য, যারা অ্যালকোহল ছাড়াই ফ্রেশ ও স্টাইলিশ কিছু উপভোগ করতে চান।
বর্তমানে স্বাস্থ্যসচেতন তরুণদের কাছে মকটেল খুব জনপ্রিয়।



