১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
নারী

দুই আঙুল আর এক পায়েই আকাশ ছুঁয়েছেন আদরী

BograSuma-6af1f740486b2

গল্পটা শুনলে রূপকথার মতো মনে হতে পারে। বাঁ হাতের মাত্র দুটি আঙুল এবং একটি কৃত্রিম পায়ের সহায়তায় জীবনের প্রতিটি বাধা জয় করে এগিয়ে চলেছেন আদরী খাতুন। শারীরিক সীমাবদ্ধতা কখনোই তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্নাতকোত্তর ডিগ্রিধারী আদরী বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা ও দক্ষ সূচিশিল্পী।

শুধু কর্মজীবনেই নয়, সংসার সামলানো এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও তিনি সমানভাবে সফল। বগুড়া সদর উপজেলার প্রত্যন্ত ধাওয়াকোলা গ্রামের এই সংগ্রামী নারী নিজের অদম্য ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে গড়ে তুলেছেন এক অনন্য জীবন।

জন্ম থেকেই শারীরিক নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে আদরীকে। তার দুটি হাতই স্বাভাবিক গঠনের নয়। ডান হাতটির নির্দিষ্ট কোনো গঠন নেই, আর বাঁ হাতে রয়েছে মাত্র দুটি আঙুল। পাশাপাশি একটি পা না থাকায় চলাফেরার জন্য তাকে কৃত্রিম পায়ের সাহায্য নিতে হয়। তবে এসব সীমাবদ্ধতা তার স্বপ্ন দেখার সাহস কিংবা সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি।

শৈশবের দিনগুলোর কথা স্মরণ করে আদরী বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথ তার জন্য কখনো সহজ ছিল না। কখনো হামাগুড়ি দিয়ে, আবার কখনো এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যেতে হয়েছে তাকে। তারপরও নিজের শারীরিক অবস্থা নিয়ে কোনো আক্ষেপ নেই তার। বরং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শারীরিক অবস্থা যেমনই হোক, তিনি সব সময় কৃতজ্ঞ থাকতে চান।

শিক্ষাজীবনেও ছিল নানা চ্যালেঞ্জ। বাঁ হাতের দুটি আঙুলের ফাঁকে কলম ধরে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। একের পর এক বাধা পেরিয়ে অর্জন করেছেন স্নাতকোত্তর ডিগ্রি। বর্তমানে তিনি ধাওয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সহকর্মীদের কাছেও তিনি অনুপ্রেরণার উৎস।

তার সহকর্মী শুক্লা রানী কুন্ডু বলেন, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আদরী অন্যদের তুলনায় দ্বিগুণ পরিশ্রম করেন। ছোট ছোট শিক্ষার্থীদের কাছেও তিনি অত্যন্ত প্রিয় একজন শিক্ষক।

Advertisements

শুধু চাকরির মধ্যেই নিজের সাফল্য সীমাবদ্ধ রাখেননি আদরী। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে কৃষি ও বিভিন্ন সৃজনশীল কাজেও যুক্ত হয়েছেন তিনি। তবে উদ্যোক্তা হওয়ার পথটিও তার জন্য সহজ ছিল না। একবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে শারীরিক অবস্থার অজুহাতে কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। কিন্তু সেই প্রত্যাখ্যান তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং নিজের যোগ্যতা প্রমাণের সংকল্প আরও দৃঢ় হয়েছে।

নিজেকে কখনোই অসহায় ভাবতে চান না আদরী। তার মতে, শারীরিক অবস্থার চেয়ে মানুষের ইচ্ছাশক্তি ও কাজ করার মানসিকতাই বেশি গুরুত্বপূর্ণ।

নিজের প্রচেষ্টায় তিনি গড়ে তুলেছেন ১২ বিঘা জমির বিশাল পেয়ারাবাগান। বাগানের গাছগুলোর পরিচর্যা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সবকিছুতেই রয়েছে তার শ্রম ও পরিকল্পনা। নিজের হাতে গাছ থেকে পেড়ে আনা পেয়ারা দেখিয়ে তিনি জানান, পেয়ারা চাষে তিনি এখন সফল। কৃষিকাজের পাশাপাশি বুটিক ও সেলাইয়ের কাজেও দক্ষতা অর্জন করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে আদরীকে। প্রথম সন্তানের জন্মের পর জীবিকার প্রয়োজনে তার স্বামী বিদেশে পাড়ি জমান। ফলে ছোট সন্তানকে নিয়ে সংসারের দায়িত্ব অনেকটাই একা সামলাতে হয়েছে তাকে। কিন্তু কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েননি। নিজের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করেন বহু আকাঙ্ক্ষিত সরকারি চাকরি।

স্ত্রীর সংগ্রাম, আত্মবিশ্বাস ও সাফল্যে অনুপ্রাণিত হয়ে একসময় তার স্বামীও বিদেশের কর্মজীবন ছেড়ে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি আদরীর পাশে থেকে সংসার ও সন্তানদের দায়িত্ব পালনে সহযোগিতা করছেন।

নিজের জীবনের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ গড়তেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আদরী। তার বড় ছেলে এ বছর বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। সন্তানের এই সাফল্য তার দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের অন্যতম প্রাপ্তি।

জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের যোগ্যতা ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন আদরী খাতুন। শিক্ষকতা, কৃষি উদ্যোক্তা হিসেবে সফলতা, সংসার পরিচালনা কিংবা সন্তানদের মানুষ করা—সব ক্ষেত্রেই তিনি রেখেছেন নিজের সামর্থ্যের স্বাক্ষর।

বগুড়ার প্রত্যন্ত গ্রামের এই নারী প্রমাণ করেছেন, মানুষের স্বপ্ন ও সম্ভাবনা কোনো শারীরিক সীমাবদ্ধতায় আটকে থাকে না। প্রয়োজন সুযোগ, সহযোগিতা, আত্মবিশ্বাস এবং নিজের লক্ষ্যে অবিচল থাকার মানসিকতা। আদরী খাতুনের জীবনসংগ্রাম তাই শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত।

Advertisements