এনভিডিয়া প্রধানের সঙ্গে সম্পর্কের অভিযোগ, কে এই চীনা নারী অ্যালিস হুয়াং?

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক চীনা ব্যবসায়ীর কথিত ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অ্যালিস হুয়াং নামের ওই নারীকে চীনের গোয়েন্দা সংস্থার সহযোগী হিসেবে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করার পর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। তবে তাদের সম্পর্কের সময়কাল ও বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি।
গত মাসে দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক শীর্ষ নির্বাহী। নামের সঙ্গে হুয়াং পদবি থাকলেও ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই। মার্কিন কর্তৃপক্ষের তদন্তে অ্যালিসের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগাযোগের বিষয়টি উঠে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০২৪ সালের জুনে তাইওয়ানের তাইপের একটি বারে প্রথমবারের মতো প্রকাশ্যে জেনসেন হুয়াংয়ের পাশে দেখা যায় অ্যালিসকে। ওই সময় গিগাবাইট ও নেটথান্ডারের কর্মকর্তাদের সঙ্গে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। একই সময়ে মেগাস্পিড এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের ক্রয় কার্যক্রম শুরু করে।

এর প্রায় এক বছর পর, ২০২৫ সালের মে মাসে তাইপের একটি রেস্তোরাঁর বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জেনসেন হুয়াং। সেখানেও তার পেছনে অ্যালিসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তত দিনে মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন মার্কিন প্রশাসনের নজরে আসে।
দ্য নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রকাশিত একটি গোপনীয় স্মারকলিপির বরাতে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) অ্যালিসকে নিয়োগ করেছিল। এর উদ্দেশ্য ছিল এনভিডিয়ার প্রধান নির্বাহী সম্পর্কে তথ্য সংগ্রহ এবং চীনে উন্নত চিপ বিক্রির বিষয়ে প্রতিষ্ঠানটির সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি করা।
কে এই অ্যালিস হুয়াং?
অ্যালিস হুয়াংয়ের ব্যবসায়িক কর্মকাণ্ডের সূত্র ধরে চীনের বিভিন্ন বিনিয়োগ ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে তার যোগাযোগের তথ্য সামনে এসেছে। চীনা নাম হুয়াং লে ছাড়াও কিছু ব্যবসায়িক নথিতে তাকে হুয়াং শিয়াওলে নামে উল্লেখ করা হয়েছে। তবে তার বয়স, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয় সম্পর্কে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
তিনি চীনের নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের সাবেক শীর্ষ নির্বাহী। চীনের একটি বেসরকারি বিনিয়োগ তহবিলের তথ্যভান্ডারে থাকা তার পরিচিতি অনুযায়ী, কর্মজীবনের শুরুতে তিনি টেলিভিশন সাংবাদিক হিসেবে হুনান টিভি ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে কাজ করেছেন। পরবর্তী সময়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী এবং সিটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে দাবি করা হয়েছে।
তবে তার পেশাগত পরিচয় নিয়ে সংশয় রয়েছে। নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, হুনান টিভির একজন কর্মকর্তা অ্যালিসকে চেনেন না বলে জানিয়েছেন। অন্যদিকে, সিসিটিভির ওয়েবসাইটেও তার কোনো পরিচিতি পাওয়া যায়নি। ফলে তার পূর্ববর্তী কর্মজীবনসংক্রান্ত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
চীনা বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন নথিতে সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও অ্যালিসের নাম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেনরোডের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
অন্যদিকে, মেগাস্পিডের করপোরেট ইতিহাসের সঙ্গেও সেভেনরোড ইন্টারন্যাশনালের যোগসূত্র পাওয়া যায়। ২০২৩ সালে প্রতিষ্ঠিত মেগাস্পিড একই বছর সুইফটডেটার কাছে বিক্রি করা হয়। তবে পরবর্তী সময়েও প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যালিসের সম্পর্কের বিষয়টি আলোচনায় এসেছে।
এনভিডিয়ার সঙ্গে মেগাস্পিডের শত কোটি ডলারের ব্যবসা
দ্য নিউইয়র্ক টাইমস-এর তথ্য অনুযায়ী, গত দুই বছরে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে। এসব চিপের মধ্যে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির এআই চিপও রয়েছে।
মার্কিন তদন্তকারীদের সন্দেহ, কেনা চিপের কিছু অংশ রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে পৌঁছেছিল কি না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



