বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৭ মে, ২০২৬
নারী

কোরবানির শেষ সময়ের প্রস্তুতি

WhatsApp Image 2026-05-27 at 1.30.06 PM

পবিত্র ঈদুল আজহা মানেই কোরবানির ব্যস্ততা, আয়োজন আর পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি। পশু কেনার পর কোরবানির প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সামগ্রী আগে থেকেই গুছিয়ে রাখা। সামান্য পরিকল্পনা ঈদের দিনের চাপ ও ঝামেলা অনেকটাই কমিয়ে দিতে পারে।

ধর্মীয় বিধান সম্পর্কে ধারণা থাকলেও অনেক সময় প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ভোগান্তিতে পড়তে হয়। তাই ঈদের আগে একবার দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ প্রস্তুতির এই তালিকা।

ধারালো জবাইয়ের ছুরি

কোরবানি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে উপযুক্ত ছুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোঁতা ছুরি ব্যবহার করলে পশুর কষ্ট বাড়ে এবং জবাই করতেও সমস্যা হয়। সাধারণত ৬ থেকে ৮ ইঞ্চি লম্বা ধারালো ছুরি ব্যবহার উপযোগী। ছুরির হাতল এমন হওয়া উচিত, যাতে সহজে ও আরামদায়কভাবে ধরা যায়।


পর্যাপ্ত দড়ির ব্যবস্থা

জবাইয়ের সময় পশুকে নিয়ন্ত্রণে রাখতে নরম ও মোটা দড়ি প্রয়োজন। সঠিকভাবে বেঁধে রাখলে পশু শান্ত থাকে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে যায়। তাই আগে থেকেই পর্যাপ্ত দড়ি প্রস্তুত রাখা ভালো।


কাটিং ব্লক ও ঝোলানোর হুক

মাংস কাটার জন্য কাঠের বড় ব্লক এবং চামড়া ছাড়ানোর সময় পশু ঝুলিয়ে রাখার হুক আগে থেকেই প্রস্তুত করে রাখা উচিত। এতে কাজ দ্রুত ও পরিচ্ছন্নভাবে করা সহজ হয়।


বালতি, গামলা ও পলিথিন

জবাইয়ের পর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করা জরুরি। এজন্য কয়েকটি বালতি ও গামলা হাতের কাছে রাখা প্রয়োজন। কলিজা, হার্ট, কিডনি ও ফুসফুসের মতো খাওয়ার উপযোগী অংশ আলাদা রাখতে হবে। আর বর্জ্য ও অনুপযোগী অংশ মোটা পলিথিনে ভরে নির্ধারিত স্থানে ফেলতে হবে।


পর্যাপ্ত পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম

কোরবানির সময় প্রচুর পানির প্রয়োজন হয়। রক্ত পরিষ্কার, হাত ধোয়া ও জায়গা ধোয়ার জন্য হোস পাইপ রাখা সুবিধাজনক। পাশাপাশি ছুরি, দা ও বটি পরিষ্কারের জন্য ব্রাশ ও তারজালের মাজুনি আগে থেকেই কিনে রাখা ভালো।

মাংস মাপার যন্ত্র

মাংস সঠিকভাবে ভাগ করতে ডিজিটাল স্কেল বা দাঁড়িপাল্লা ব্যবহার করা যেতে পারে। যন্ত্র আগে থেকে পরীক্ষা করে নেওয়া উচিত। সঙ্গে একটি নোটবুক ও কলম রাখলে হিসাব রাখা এবং ভাগ অনুযায়ী লেবেলিং করা সহজ হয়।


মাংস সংরক্ষণের পলিথিন

মাংস বিতরণ ও সংরক্ষণের জন্য ছোট-বড় বিভিন্ন সাইজের পলিথিন আগে থেকেই কিনে রাখা উচিত। এতে ঈদের দিন অতিরিক্ত ঝামেলা কমে যায়।

ফ্রিজার পরিষ্কার রাখা জরুরি

কোরবানির মাংস সংরক্ষণের আগে ফ্রিজার পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ফ্রিজার আনপ্লাগ করে জমে থাকা বরফ সরিয়ে ফেলতে হবে। এরপর কুসুম গরম পানি ও বেকিং সোডা দিয়ে ভেতরের অংশ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। কয়েক ঘণ্টা পর পুনরায় চালু করে মাংস রাখার জন্য পর্যাপ্ত জায়গা খালি রাখতে হবে।

ঈদের দিন আনন্দের পাশাপাশি ব্যস্ততাও থাকে অনেক বেশি। তাই প্রয়োজনীয় প্রস্তুতি আগে থেকেই গুছিয়ে রাখলে কোরবানির কাজ সহজ হয় এবং পুরো আয়োজন আরও স্বস্তিদায়ক হয়ে ওঠে।

কোরবানিপ্রস্তুতিশেষ সময়