বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিনোদন

হুমকির অভিযোগে পিয়ার জিডি, তদন্তে এক মাস সময়

priya-68b80c22404b3

মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর বনানী থানায় করা ওই জিডির বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তিনি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জিডির বিষয়টি তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় জান্নাতুল ফেরদৌস পিয়া আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত জিডিটি তদন্তের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে পিয়া উল্লেখ করেন, তিনি অতীতে বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নন এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

Advertisements

জিডিতে তিনি আরও বলেন, সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান প্রকাশ করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকেও একাধিকবার হুমকিমূলক ফোনকল এসেছে।

পিয়া তার জিডিতে আরও উল্লেখ করেন, প্রায় তিন মাস ধরে তিনি লক্ষ্য করছেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছেন। বিষয়টি তার ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তার বা তার পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। এ পরিস্থিতিতে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও পুলিশি সুরক্ষা চেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেন।

জিডির বিষয়টি আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে বনানী থানাকে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।

Advertisements
জিডিপিয়াহুমকি