আগামীকাল থেকে চিকিৎসাসেবা শুরু করছে আদ্-দ্বীন হাসপাতাল

দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর আবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। এর মাধ্যমে প্রায় দেড় মাস পর আবারও রোগীদের জন্য হাসপাতালের সব ধরনের স্বাস্থ্যসেবা উন্মুক্ত হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়। মন্ত্রণালয়ের ৪৫.০০.০০০০.০০০.১৬৩.২৭.০০১৪.২৬ (অংশ-২).১০৩ নম্বর স্মারকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

লাইসেন্স পুনরায় ফিরে পাওয়ার পর আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে। একই সঙ্গে হাসপাতালের কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতা ও সমর্থন দেওয়ায় সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, চিকিৎসাসেবা গ্রহণকারী মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ব্যক্তি, পেশাজীবী সংগঠন, সমাজের শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ ছাড়া হাসপাতালটির পক্ষে বিভিন্ন সময়ে যারা প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, সমর্থন জানিয়েছেন কিংবা নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে রোগীরা আবারও বহির্বিভাগ, ভর্তি, জরুরি চিকিৎসাসহ হাসপাতালের সব ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।



