বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

ছাত্রী হলে ২৪ ঘণ্টা প্রবেশের দাবিতে ঢাবিতে স্মারকলিপি

ছাত্রী হলে ২৪ ঘণ্টা প্রবেশের দাবিতে ঢাবিতে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের জন্য আবাসিক হলের বিদ্যমান সময়সীমা তুলে দিয়ে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার সুযোগ নিশ্চিত করা, বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের যেকোনো ছাত্রী হলে প্রবেশের অনুমতি এবং পরিবারের নারী সদস্যদের হল কক্ষ পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী।

সোমবার (২৭ জুলাই) বৈষম্যহীন নারী হল চাই’ ব্যানারের উদ্যোগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি প্রদানকালে জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নারী নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা সম্পাদক সানজিদা আহমেদ টনি এবং সদস্য হেমা চাকমা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা তিন দফা দাবির বিষয়ে শিক্ষার্থীদের মতামত শোনেন, ব্যক্তিগত অভিজ্ঞতা সংগ্রহ করেন এবং দাবির সমর্থনে স্বাক্ষর গ্রহণ করেন। পরে সেই স্বাক্ষরসংবলিত স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।

Advertisements

স্মারকলিপিতে শিক্ষার্থীরা তিনটি নির্দিষ্ট দাবি তুলে ধরেন। প্রথমত, ছাত্রী হলে প্রচলিত রাতের সময়সীমা বা ‘কারফিউ’ ব্যবস্থা বাতিল করে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের যেকোনো ছাত্রী হলে প্রবেশের সুযোগ দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পূর্বানুমতি সাপেক্ষে সেখানে রাতযাপনের ব্যবস্থা রাখতে হবে। তৃতীয়ত, ছাত্রীদের সঙ্গে আসা পরিবারের নারী সদস্যদের হল কক্ষ পর্যন্ত যাওয়ার অনুমতি দিতে হবে।

দাবির যৌক্তিকতা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শুধু শ্রেণিকক্ষেই শিক্ষা সীমাবদ্ধ থাকে না। পড়াশোনা, গবেষণা, সাংগঠনিক কার্যক্রম, সাংস্কৃতিক কর্মকাণ্ড, জরুরি চিকিৎসা কিংবা পারিবারিক প্রয়োজনের কারণে অনেক সময় গভীর রাতেও হলে প্রবেশ বা হল থেকে বের হওয়ার প্রয়োজন হয়। বর্তমান সময়সীমার কারণে অনেক ছাত্রী নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। তাই তারা শুধু সময় বাড়ানোর দাবি করছেন না; বরং প্রতিটি ছাত্রী হলে নিরাপত্তা বজায় রেখে ২৪ ঘণ্টা প্রবেশ ও প্রস্থানের একটি কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছেন।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ছাত্রীদের বাস্তব প্রয়োজন ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী শুধুমাত্র নিজের আবাসিক হলে প্রবেশ করতে পারেন। অন্য কোনো ছাত্রী হলে সাধারণত প্রবেশের অনুমতি দেওয়া হয় না, এমনকি সেই হলের সঙ্গে সংযুক্ত শিক্ষার্থী হলেও একই নিয়ম প্রযোজ্য। এছাড়া প্রতিদিন রাত ১০টার দিকে হলের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরে হলে ফিরতে হলে সংশ্লিষ্ট হল প্রশাসনের পূর্বানুমতি নিতে হয়।

Advertisements
ছাত্রীঢাবিপ্রবেশস্মারকলিপিহল