ত্বক ভালো রাখে যেসব খাবার

নিয়মিত সুন্দর ত্বক পেতে শুধু বাহ্যিক যত্ন নয়, ভেতরের যত্নও সমান গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপনই পারে ত্বককে দীর্ঘদিন ধরে সুন্দর ও প্রাণবন্ত রাখতে তাই সুষম খাবার গ্রহণ অত্যন্ত জরুরী। ভিন্ন ভিন্ন খাবার ও এর উপাদান ত্বকের বিশেষ বিশেষ উন্নতি ঘটায়। যেমন:
ভিটামিন এ ত্বকের কোষ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শুষ্কতা কমাতে সাহায্য করে। গাজর, মিষ্টিকুমড়া, পালংশাক ও ডিমের কুসুমে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। নিয়মিত এসব খাবার খেলে ত্বক কোমল হয় এবং মসৃণতা ধরে রাখতে পারে।
উজ্জ্বলতা ও সতেজতা ধরে রাখতে ভিটামিন সি অতি প্রয়োজনীয়। এটি কোলাজেন তৈরি করে যা ত্বককে টানটান রাখে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। লেবু, কমলা, আমলকী, পেয়ারা ও টমেটোতে ভিটামিন সি বেশি থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফলগুলো রাখা ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়া এগুলো রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে।
আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন ই। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। বাদাম, সূর্যমুখীর বীজ, অ্যাভোকাডো ও উদ্ভিজ্জ তেলে ভিটামিন ই পাওয়া যায়। নিয়মিত এই খাবারগুলো খেলে ত্বকের বয়সের ছাপ ধীরে পড়ে।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে এবং প্রদাহ কমায়। সামুদ্রিক মাছ (যেমন ইলিশ, স্যালমন), আখরোট ও তিসির বীজে ওমেগা ৩ পাওয়া যায়। যাদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
জিংক নামক খনিজ উপাদানও ত্বকের জন্য খুব প্রয়োজনীয়। এটি ব্রণ কমাতে সাহায্য করে এবং ক্ষত দ্রুত সারাতে ভূমিকা রাখে। ডাল, বাদাম, বীজ ও গোটা শস্যে জিংক পাওয়া যায়। নিয়মিত এসব খাবার খেলে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে।
ত্বকের সুস্থতার জন্য প্রোটিনের গুরুত্ব অনেক। প্রোটিন কোলাজেন ও ইলাস্টিন তৈরিতে সাহায্য করে, যা ত্বকের গঠন ঠিক রাখে। মাছ, মাংস, ডিম, দুধ ও ডাল থেকে পর্যাপ্ত প্রোটিন পাওয়া যায়।
সবশেষে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি পান করা। পর্যাপ্ত পানি না খেলে ত্বক শুষ্ক ও নিষ্প্রভ হয়ে যায়। প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস পানি পান করলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল।



