ওভারথিঙ্কিং-এর প্রবণতা কমাবেন যেভাবে

কোনো একটি ঘটনা ঘটেছে, আর সেটি নিয়ে বারবার ভাবছেন। কী বলা উচিত ছিল, কী বলা উচিত হয়নি, সিদ্ধান্তটা ঠিক ছিল কি না-এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথার ভেতর। কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কখনো অতীতের কোনো ভুল নিয়ে অনুশোচনা। এমন অবস্থাকে অনেকেই বলেন ‘ওভারথিঙ্কিং’ বা অতিরিক্ত চিন্তা।
মাঝেমধ্যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবা স্বাভাবিক। কিন্তু যখন সেই ভাবনা সমাধান খোঁজার বদলে একই জায়গায় আটকে রাখে, তখন সেটি মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিন্তা আমাদের সিদ্ধান্তহীনতা বাড়ায়, আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং উদ্বেগের অনুভূতিকে আরও তীব্র করে তোলে।

ওভারথিঙ্কিং আসলে কী?
অতিরিক্ত চিন্তা হলো কোনো বিষয় নিয়ে বারবার ভাবতে থাকা, কিন্তু কোনো সমাধান বা সিদ্ধান্তে পৌঁছাতে না পারা। অনেকেই মনে করেন বেশি ভাবলে ভালো সিদ্ধান্ত পাওয়া যাবে, কিন্তু এতে অনেক সময় দুশ্চিন্তা ও মানসিক চাপই বাড়ে।
যেভাবে বুঝবেন আপনিও অতিরিক্ত চিন্তা করছেন
অতিরিক্ত চিন্তার কিছু সাধারণ লক্ষণ হলো-অন্য কোনো কাজে মনোযোগ দিতে না পারা, সব সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকা, এবং বিশ্রাম নেওয়ার পরও মানসিক চাপ কমে না যাওয়া। অনেক সময় অতীতের ঘটনা বারবার মনে পড়ে বা একই বিষয় মাথায় ঘুরতে থাকে।
এছাড়া সিদ্ধান্ত নেওয়ার পরও সংশয়ে ভোগা, ছোট বিষয় নিয়ে অযথা বড় উদ্বেগ তৈরি হওয়া এবং সম্ভাব্য খারাপ পরিণতি কল্পনা করার প্রবণতাও দেখা যায়। এর ফলে অনেকেই মানসিকভাবে ক্লান্ত ও অবসন্ন অনুভব করেন।
ওভারথিঙ্কিং-এর পেছনে কারণ ও এর প্রভাব
অনেক সময় আমরা সমস্যার সমাধান খোঁজার চেয়ে সমস্যা নিয়েই বেশি ভাবি। ফলে চিন্তার চক্র থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।
আবার কেউ কেউ অতীতের কোনো ঘটনা বা কথোপকথন বারবার মনে করেন। কী বলা হয়েছিল বা কীভাবে পরিস্থিতি ভিন্ন হতে পারত-এসব ভাবনা মানসিক চাপ বাড়ায়।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত চিন্তা বড় বাধা হয়ে দাঁড়ায়। কোথায় যাবেন, কী কিনবেন কিংবা কোন সুযোগ গ্রহণ করবেন কিনা এ রকম ছোট সিদ্ধান্তও তখন জটিল মনে হতে পারে।
এছাড়া আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করার প্রবণতাও অনেকের মধ্যে দেখা যায়। এতে আত্মবিশ্বাস কমে যায় এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে পড়ে।
অতিরিক্ত চিন্তা শুধু মানসিক শান্তিই নষ্ট করে না, ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। অন্যের কথার ভুল ব্যাখ্যা করা, বারবার নিশ্চয়তা চাওয়া বা অকারণে সন্দেহ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
দীর্ঘদিন ধরে এমন চলতে থাকলে উদ্বেগ, বিষণ্নতা কিংবা প্যানিক ডিসঅর্ডারের ঝুঁকিও বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত চিন্তা কমানোর উপায়
নিজেকে ব্যস্ত রাখুন
মাথায় একই চিন্তা বারবার ঘুরতে থাকলে কিছু সময়ের জন্য মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করুন। হাঁটাহাঁটি, বাগান করা, বই পড়া বা ঘরের ছোটখাটো কাজ মনকে স্বস্তি দিতে পারে।

চিন্তার সত্যতা যাচাই করুন
মনের সব চিন্তাই সত্য নয়। যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, সেটির পক্ষে বাস্তব কোনো প্রমাণ আছে কি না, তা ভাবুন। অনেক সময় আমরা অনুমানকেই বাস্তবতা বলে ধরে নিই।
সমাধানের দিকে মন দিন
সমস্যা নিয়ে বারবার ভাবার বদলে সমাধানের সম্ভাব্য পথগুলো নিয়ে চিন্তা করুন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে অনুভব করা সহজ হয়। ধ্যান বা মেডিটেশন করতে পারেন। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান বা শ্বাস-প্রশ্বাসের অনুশীলন মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করে। এতে চিন্তার ঘূর্ণি কিছুটা হলেও কমে।
নিজেকে গ্রহণ করুন
ভুল হতেই পারে। অতীতের প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত হবে না। নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং ইতিবাচক দিকগুলোকে গুরুত্ব দেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রয়োজন হলে কারও সাহায্য নিন হতে পারে বন্ধু কিংবা কাছের কেউ।
যদি মনে হয় অতিরিক্ত চিন্তা আপনার দৈনন্দিন জীবন, কাজ বা সম্পর্কের ওপর প্রভাব ফেলছে, তাহলে মনোবিদ বা কাউন্সেলরের সঙ্গে কথা বলা উপকারী হতে পারে।
অতিরিক্ত চিন্তা অনেকের কাছেই পরিচিত অভিজ্ঞতা। তবে চিন্তা আর দুশ্চিন্তার মধ্যে পার্থক্য আছে। চিন্তা আমাদের সমাধানের দিকে নিয়ে যায়, আর অতিরিক্ত চিন্তা অনেক সময় একই জায়গায় আটকে রাখে। তাই যখন মনে হবে মাথার ভেতর একই ভাবনা বারবার ঘুরছে, তখন একটু থেমে নিজেকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি সমাধান খুঁজছেন নাকি চিন্তার চক্রেই আটকে গেছেন?



