ইফতারে তৈরি করুন পুষ্টিকর চিকেন স্যান্ডউইচ

সারাদিন রোজা রেখে চিকেন স্যান্ডউইচ ইফতারের জন্য দারুন একটা মেন্যু হতে পারে। শাওন’স স্টুডিও – এর স্বত্বাধিকারী সাবিহা শাওনের মতে, চিকেন স্যান্ডউইচের চিকেনে উচ্চমানের প্রোটিন থাকে, যা শরীরের পেশি গঠন ও মেরামত করতে সাহায্য করে। স্যান্ডউইচে সাধারণত রুটি থাকে, যা কার্বোহাইড্রেটের উৎস। এটি শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে, ফলে কাজ করার এনার্জি পাওয়া যায়। সেই সাথে স্যান্ডউইচে লেটুস, টমেটো, বাধাকপি,গাজর ইত্যাদি সবজি যদি দেওয়া হয় তাহলে এতে ভিটামিন, মিনারেল ও ফাইবার বাড়ে। এতে হজম ভালো হয়।
উপকরণ :
হাড় ছাড়া চিকেন – ১কাপ (মুরগির বুকের মাংস ব্যবহার করলে ভালো )
ক্রিম চিজ- ২০০ গ্রাম
পাউরুটি- ৮ পিস
বাঁধাকপি কুচি- ১/৪ কাপ
গাজর কুচি- ১/৪কাপ
গোলমরিচের গুঁড়ো- ১চা চামচ
লবণ- স্বাদ মতো
লেবুর রস- ১চা চামচ
এছাড়া, ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন চেরি টমেটো ও লেটুস পাতা।
প্রস্তুত প্রণালী:
প্রথমে চিকেন লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে চিকেন গুলোকে কুচি করে নিতে হবে। ক্রিম চিজকে স্বাভাবিক তাপমাত্রায় এনে,চিকেন এর সাথে মেশাতে হবে। বাঁধাকপি কপি ও গাজরকুচি, লবণ, গোলমরিচের গুঁড়া,লেবুর রস দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর পাউরুটির বাদামী সাইড গুলো কেটে নিতে হবে।
একটি পাউরুটি নিয়ে, তাতে চিকেনের মিশ্রণটা পাউরুটির উপর ছড়িয়ে দিতে হবে। তার উপরে আরেকটি পাউরুটি দিতে হবে। নিজেরদের পছন্দ মতো শেইপে কেটে নিতে হবে। চাইলে ছোট সাইজ করে দুটো পাউরুটি থেকে ৪টি স্যান্ডউইচ করা যাবে। ডেকোরেশন এর জন্য স্যান্ডউইচের উপরে লেটুস পাতা ও চেরি টমেটো কেটে টুথপিক দিয়ে আটকে দিতে হবে।এভাবে সবগুলো স্যান্ডউইচ বানিয়ে পরিবেশন করতে পারেন ইফতারে।



