১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ম

স্ত্রীর মোবাইল গোপনে দেখা কি ইসলামে জায়েজ?

IMG_7812

ইসলাম মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও পারস্পরিক সম্মান রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই স্বামী-স্ত্রী হলেও একে অপরের ব্যক্তিগত বিষয় অনুমতি ছাড়া অনুসন্ধান করা সমর্থন করে না ইসলাম। এ কারণে স্ত্রীর অনুমতি ছাড়া তাঁর মোবাইল ফোন চেক করা নিয়ে ইসলামে রয়েছে স্পষ্ট নির্দেশনা।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না।’ (সুরা হুজুরাত, আয়াত: ১২)

এই আয়াতের মাধ্যমে অন্যের ব্যক্তিগত বিষয় গোপনে অনুসন্ধান করতে নিষেধ করা হয়েছে। ইসলামী শরিয়তের মূলনীতি অনুযায়ী, অকারণে কারও গোপনীয়তা লঙ্ঘন করা বৈধ নয়। তাই স্ত্রীর অনুমতি ছাড়া তাঁর মোবাইল ফোন ঘাঁটাঘাটি করা স্বামীর জন্য উচিত নয়।

সহিহ বুখারিতেও এ বিষয়ে পরোক্ষ নির্দেশনা পাওয়া যায়। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবী মুহাম্মদ (সা.) সফর থেকে ফিরে রাতে হঠাৎ ঘরে প্রবেশ করা অপছন্দ করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫২৪৩)। হাদিসটির ব্যাখ্যায় বলা হয়েছে, পরিবারের সদস্যদের ব্যক্তিগত অবস্থা সম্পর্কে সন্দেহ বা বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আচরণ থেকে বিরত থাকা উচিত।

তবে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। দুজনের সম্মতি থাকলে একে অপরের মোবাইল ব্যবহার বা দেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বরং পারস্পরিক বোঝাপড়া ও অনুমতির ভিত্তিতে এমন সম্পর্ক গড়ে তোলা উচিত, যেখানে অযথা সন্দেহের অবকাশ থাকে না।

অন্যদিকে, দাম্পত্য সম্পর্কে প্রতারণার স্পষ্ট কোনো আলামত দেখা দিলে বিষয়টি উপেক্ষা না করে খোলামেলা আলোচনা করা প্রয়োজন। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা ধর্মীয় ব্যক্তির মাধ্যমে মধ্যস্থতা করে সমস্যার সমাধান করা যেতে পারে।

Advertisements

অর্থাৎ, সন্দেহের বশবর্তী হয়ে গোপনে স্ত্রীর মোবাইল পরীক্ষা না করে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও আলোচনার মাধ্যমে দাম্পত্য সম্পর্কের সমস্যা সমাধানের ওপরই গুরুত্ব দিয়েছে ইসলামের নির্দেশনা।

Advertisements