বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৫ জুন, ২০২৬
জীবনযাপন

বছরের প্রথম বৃষ্টি: উপভোগ করুন, থাকুন নিরাপদ

8842e382a415a7340678a97576d92fad-646ddbe92f9b7

শীতের রেশ কাটতেই রাজধানীবাসীর জীবনে ধরা দিল বছরের প্রথম বৃষ্টি। ঝমঝমে এই বৃষ্টি যেন ব্যস্ত নগরজীবনে খানিকটা প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। অনেকেই ছুটে যান ছাদে কিংবা বারান্দায়, কেউবা ভিজে নেন মন ভরে। তবে আধুনিক শহুরে জীবনে বৃষ্টির সেই নির্ভার আনন্দ সবসময় সম্ভব হয় না। এক মুহূর্তে ঝুম বৃষ্টি, পর মুহূর্তেই তীব্র রোদ—এর মধ্যে ছাতা নিতে ভুললেই বিপত্তি! আর কাকভেজা হয়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা, জ্বর বা সর্দিকাশি যেন অবধারিত।

অনেকে সখের বশে বৃষ্টিতে ভিজে নেন প্রশান্তির আশায়। কিন্তু হঠাৎ ঝড়-বৃষ্টিতে ভিজে গেলে বিরক্তিও কম নয়। তবে ভেজার পর সামান্য সচেতন হলেই সর্দি-জ্বরের মতো সমস্যা এড়ানো সম্ভব।

হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে কী করবেন?

দ্রুত পোশাক বদলাতে হবে

যত দ্রুত সম্ভব ভেজা জামাকাপড় বদলে ফেলুন। ভেজা কাপড়ে এসিতে ঢুকলে ঠান্ডা লাগার আশঙ্কা বেড়ে যায়। অফিসগামীদের জন্য ব্যাগে প্লাস্টিকে ভরা একটি শুকনো পোশাক রাখা বুদ্ধিমানের কাজ। অফিস যাওয়ার সময় ভিজে গেলে, এসিতে ঢোকার আগেই জামা বদলে ফেললে ঠান্ডা লাগার ঝুঁকি কমবে।

বাসায় ফিরেই গোসল করুন

বৃষ্টির পানিতে নানা ক্ষতিকর উপাদান থাকতে পারে। তাই বাড়ি ফিরেই গোসল করে নিন। তাতে বৃষ্টির পানির ক্ষতিকর উপাদান শরীর থেকে চলে যাবে। হালকা গরম পানিতে গোসল করলে ঠান্ডা লাগার ঝুঁকি কমে।

গরম ভেষজ চায়ে স্বস্তি

বৃষ্টিতে ভিজে এসে ঠান্ডা পানীয় নয়, বরং গরম ভেষজ চায়ে চুমুক দিন। আদা, লবঙ্গ বা তুলসি দেওয়া চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। পাশাপাশি শরীরের পানিশূন্যতাও দূর করে। তবে যেহেতু এখন রমজান মাস চলছে, তাই ইফতারের পর এক কাপ গরম চা হতে পারে দারুণ উপকারী।

চুল ও পা পরিষ্কার রাখুন

ভেজা চুল দীর্ঘক্ষণ রাখলে মাথাব্যথা হতে পারে। তাই দ্রুত চুল শুকিয়ে নিন। ব্যবহার করতে পারেন ব্লো ড্রায়ার। পাশাপাশি বৃষ্টিতে ভেজার পর ভালোভাবে পা ধুয়ে ফেলুন। বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রাস্তার সব নোংরা জীবাণু পায়ে লেগে থাকতে পারে। অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কমে। সংক্রমণ ধ্বংস করতে অ্যান্টিসেপটিক সাবান কার্যকরী।

ত্বকের যত্ন নিন

সংবেদনশীল ত্বকে বৃষ্টির পানিতে চুলকানি হতে পারে। তাই গোসলের পর বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।

শিশুদের জন্য বাড়তি সতর্কতা

শিশুদের অল্প সময়ের জন্য (৫–৭ মিনিট) বৃষ্টিতে ভিজতে দেওয়া যেতে পারে। এরপর হালকা গরম পানিতে গোসল করিয়ে ভালোভাবে মুছে শুকনো ও উষ্ণ কাপড় পরিয়ে দিন। তবে সাইনোসাইটিস, নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে শিশুদের বৃষ্টিতে ভেজানো থেকে বিরত রাখাই শ্রেয়।

বজ্রপাতের সময় সতর্ক থাকুন

ভারী বজ্রপাতের সময় কখনোই বৃষ্টিতে ভেজা উচিত নয়। নিরাপদ আশ্রয়ে থাকাই বুদ্ধিমানের কাজ।

বছরের প্রথম বৃষ্টি যেমন এনে দেয় নির্মল আনন্দ, তেমনি প্রয়োজন সামান্য সচেতনতা। একটু যত্ন নিলেই উপভোগ করা যাবে বৃষ্টির স্নিগ্ধতা— অসুস্থতার ঝুঁকি ছাড়াই।

বছরের প্রথম বৃষ্টিবৃষ্টিসর্দি-জ্বর