বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জীবনযাপন

প্রদর্শনীতে সবচেয়ে দামি সোনার পোশাক, দাম কত জানেন?

প্রদর্শনীতে সবচেয়ে দামি সোনার পোশাক, দাম কত জানেন?

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে প্রদর্শিত হচ্ছে ৫০ লাখ দিরহাম মূল্যের একটি সোনার পোশাক। ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পোশাকটি। বাংলাদেশি মুদ্রায় পোশাকটির মূল্য প্রায় ১৬ কোটি ৭৪ লাখ টাকা।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো-২০২৬ নামের একটি প্রদর্শনী অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে স্বর্ণের সেই পোশাক। যেটি তৈরি করেছে আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি। এটি প্রথমবারের মতো শারজাহ এক্সপো সেন্টারে দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে।

২১ ক্যারেট নিখাদ সোনা দিয়ে তৈরি পোশাকটিতে ১০ কেজির বেশি সোনা ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল কারুশিল্প ও রেকর্ড মূল্যের পোশাকটি এ অঞ্চলের জুয়েলারিশিল্পের ব্যাপক প্রসার ও বড়সড় অর্জনেরই ইঙ্গিত দেয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৪ জুন) প্রদর্শনী শেষ হচ্ছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ডগুলো অংশ নিয়েছে। তারা সংগ্রাহক এবং শৌখিন ক্রেতাদের জন্য দুর্লভ গয়না ও নতুন সব নকশার বিশেষ পণ্য প্রদর্শন করছে।

Advertisements

প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান তাদের নতুন ও সীমিত সংস্করণের পণ্য উপস্থাপন করেছে। সালেম শুয়েবি জুয়েলারি আমিরাতি ডিজাইনার শাম্মা আল হাল্লামির সঙ্গে যৌথভাবে ‘আউরা মুসা’ এবং ‘শেখা হিন্দ’ সিরিজের ৫০০টির বেশি নতুন হীরার ডিজাইন প্রদর্শন করেছে।

অন্যদিকে আল আরাবিয়া জুয়েলারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত বিভিন্ন শিল্পকর্ম উপস্থাপন করেছে। এর অন্যতম ‘ইউনিয়ন ফ্রেম’। এতে সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রতীক এক নকশায় ফুটিয়ে তোলা হয়েছে।

১৮ ক্যারেট সোনা ও হীরা, রুবি, পান্না ও নীলকান্তমণিসমৃদ্ধ ‘পাম’ কালেকশনসহ মুক্তা ও কাস্টম ব্রাইডাল সেট প্রদর্শন করছে জাওহারা জুয়েলারি।

Advertisements
আরব আমিরাতদামিপ্রদর্শনীসোনা