বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাংলাদেশের রপ্তানি

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাংলাদেশের রপ্তানি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পাল্টা প্রতিরোধ, বিশেষ করে হরমুজ প্রণালির সাময়িক বন্ধ, বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যে নতুন দুশ্চিন্তার সূত্রপাত করেছে। ইরানের সঙ্গে বাংলাদেশের পণ্য রপ্তানি খুবই সামান্য হলেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন বাজার। তাই মধ্যপ্রাচ্যজুড়ে হামলা ও পাল্টা হামলায় দেশগুলোতে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন রপ্তানিকারকেরা।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বন্ধ থাকলে জাহাজে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, আর আকাশসীমা বন্ধ থাকায় কার্গো বিমানও কার্যক্রম চালাতে পারছে না। ফলে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক, হিমায়িত মাছ, শাকসবজি ও ফলমূল রপ্তানি প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইরানের সঙ্গে বাণিজ্য কম
যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই কম, তা ১ কোটি ডলারের সামান্য বেশি। তার মধ্যে বড় অংশ বাংলাদেশের পণ্য রপ্তানি। করোনার পর এক বছর দেশটির সঙ্গে আমদানি-রপ্তানি কিছুটা বাড়লেও দুই অর্থবছর ধরে টানা কমছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ১ কোটি ৯ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ইরানে। এর মধ্যে ছিল ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৯৮ ডলারের পাটের সুতা, ৯৫ হাজার ৩১০ ডলারের নিট পোশাক এবং ৯ হাজার ৩৫১ ডলারের ওভেন পোশাক।

Advertisements

বাংলাদেশের রপ্তানিকারকেরা ২০২০-২১ অর্থবছরেও ইরানে ১ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য রপ্তানি করেন। পরের বছর সেই রপ্তানি কমে ১ কোটি ১৯ লাখ ডলারে নেমে আসে। ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি বেড়ে ১ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়ায়। তার পরের অর্থবছরে রপ্তানি কমে দাঁড়ায় ১ কোটি ৫৪ লাখ ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ইরান থেকে ৫ লাখ ডলারের পণ্য আমদানি করেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তার আগের তিন বছর দেশটি থেকে আনুষ্ঠানিভাবে কোনো পণ্য আমদানি হয়নি। এ ছাড়া ২০২০-২১ অর্থবছর দেশটি থেকে আমদানি হয়েছিল ৩ লাখ ডলারের পণ্য।

পুরোনো তথ্য-উপাত্ত ঘেঁটে দেখা যায়, ইরান থেকে পণ্য আমদানি বছর দশেক আগেও বর্তমানের চেয়ে বেশি ছিল। ২০১০-১১ অর্থবছরে ৪৪৯ কোটি টাকার পণ্য আমদানি হয় ইরান থেকে। তার পরের বছর থেকে সেই আমদানি কমতে থাকে। ২০১১-১২ অর্থবছরে আমদানি হয় ৯৯ কোটি টাকার পণ্য।

মধ্যপ্রাচ্যে রপ্তানির পরিসংখ্যান
মধ্যপ্রাচ্যের যেসব দেশের মধ্যে এখন পর্যন্ত সংঘাত ছড়িয়েছে তার মধ্যে ইউএই ও সৌদি আরব বাংলাদেশি পণ্যের উদীয়মান বাজার। অন্য বাজারেও ইরানের চেয়ে বেশি পণ্য রপ্তানি হয়। এসব দেশে তৈরি পোশাক, হিমায়িত মাছ, প্রক্রিয়াজাত খাদ্য, শাকসবজি ও ফলমূল, ক্যাপ, জুতা ইত্যাদি পণ্য রপ্তানি হয়।

মধ্যপ্রাচ্যের দেশ ইউএই, সৌদি আরব, ওমান ও কাতারে প্রতি মাসে ২-৩ লাখ ডলারের প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ। পরিস্থিতি দ্রুত শান্ত না হলে রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান। গত রাতে তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির অর্ধেকের কাছাকাছি যায় মধ্যপ্রাচ্যে। ভারতে বিধিনিষেধের কারণে অধিকাংশ কোম্পানি হোঁচট খেয়েছে। এখন মধ্যপ্রাচ্যে অস্থিরতা দীর্ঘায়িত হলে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিকারক অনেক প্রতিষ্ঠান হুমকিতে পড়বে।

ইপিবির তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ইউএইতে ৪০ কোটি ৭৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের অর্থবছরের চেয়ে ২ কোটি ৩০ লাখ ডলার বেশি। এ ছাড়া বিদায়ী অর্থবছর সৌদি আরবে ২৪ কোটি ৬২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের অর্থবছরের তুলনায় ১ কোটি ৬ লাখ ডলার বেশি। এ ছাড়া বিদায়ী অর্থবছর বাংলাদেশ থেকে কাতারে ২ কোটি ৬০ লাখ, কুয়েতে ২ কোটি ৫৪ লাখ, বাহরাইনে ৯০ লাখ ডলার এবং ইরাকে ২৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়।

অর্থনৈতিক প্রভাব ও প্রবাসী আয়ের ঝুঁকি
মধ্যপ্রাচ্যে অসন্তোষ দীর্ঘায়িত হলে শুধু রপ্তানি নয়, প্রবাসী আয়ও হুমকির মুখে পড়বে। যেসব বাংলাদেশি কর্মী সেখানে কাজ করেন, তাদের বেতন বন্ধ হলে দেশে প্রেরিত অর্থ কমে যাবে, যা সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাংলাদেশের জন্য কেবল রপ্তানির সমস্যা নয়, বরং প্রবাসী আয়, জ্বালানি খাত এবং অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে পারে। যদি অস্থিতিশিতা দীর্ঘায়িত হয়, প্রক্রিয়াজাত খাদ্য, হালকা শিল্প ও প্রবাসী আয়সহ বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। এটি রপ্তানিকারক ও নীতিনির্ধারকদের জন্য এখনই সতর্ক হওয়ার সময়।

Advertisements
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলাযুদ্ধসংঘাত