এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা

নেপালের নাগরিক সোনা শ্রেষ্ঠাকে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), তাদের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে। এই পদে তিনি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কৌশল ও কার্যক্রমের উন্নয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা শ্রেষ্ঠা বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে সহায়তার জন্য এ অঞ্চলের উন্নয়নশীল সদস্যদেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’ শ্রেষ্ঠা একজন অভিজ্ঞ উন্নয়ন নেতা। তার পেশাগত অভিজ্ঞতা ২৭ বছরের বেশি, যার মধ্যে ২৩ বছরই এডিবিতে কর্মরত ছিলেন। বর্তমান নিয়োগের আগে তিনি দক্ষিণ এশিয়া বিভাগের উপ-মহাপরিচালক ছিলেন। এছাড়া তিনি এডিবির স্বাধীন মূল্যায়ন বিভাগের উপ-মহাপরিচালক, সহকারী সচিব, দক্ষিণ-পূর্ব এশিয়ার আর্থিক খাত ও বাণিজ্য বিভাগের পরিচালক এবং ইন্দোনেশিয়ার উপ-কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নেপালের নাগরিক সোনা শ্রেষ্ঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ম্যাসাচুসেটসের স্মিথ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিও রয়েছে তার।
এশীয় উন্নয়ন ব্যাংক সদস্য দেশ ও অংশীদারদের সঙ্গে যৌথভাবে জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবি উদ্ভাবনী আর্থিক উপকরণ ও কৌশলগত অংশীদারিত্ব কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন, মানসম্মত অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে।



