এক গরু থেকে ১৪ গরুর খামার, নারীদের অনুপ্রেরণা আজেদা বেগম

আজেদা বেগম শেরপুরের শ্রীবরদী উপজেলার আটকান্দা গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. আমিনুল ইসলাম। একসময় তাদের সংসারে ছিল চরম আর্থিক সংকট। এমন পরিস্থিতিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে মাত্র ২ লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু পালনের মাধ্যমে খামারের যাত্রা শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলেন ১৪টি গরুর খামার। বর্তমানে খামারের চারটি গাভির দুধ বিক্রি করে নিয়মিত আয় করছেন তিনি।
আজেদা বেগমের এই সাফল্যের খবর পেয়ে গত ১৬ নভেম্বর শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন শ্রীবরদী উপজেলার আটকান্দা গ্রামে তার খামার পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, মাত্র একটি গরু ও দুই লাখ টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করে আজেদা বেগম ১৪টি দেশি-বিদেশি গরুর খামার গড়ে তুলেছেন। তার খামারের গরুর বর্জ্য ব্যবহার করে উৎপাদিত বায়োগ্যাস পরিবারের রান্নার জ্বালানির চাহিদা পূরণ করছে। পাশাপাশি খামার থেকে অর্জিত আয় তাকে আর্থিক স্বচ্ছলতা ও স্বাবলম্বিতা এনে দিয়েছে।
জেলা প্রশাসক আজেদা বেগমের অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অন্য নারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। আগ্রহী নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ সহায়তার ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।
তিনি আরও বলেন, শেরপুর জেলার ঘরে ঘরে সফল নারী উদ্যোক্তা দেখতে চাই। এ জন্য নারী খামারিদের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন পাশে থাকবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের এ উদ্যোগে স্থানীয় অনেক নারী গরুর খামার গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
খামার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান।
আজেদা বেগমের এই সাফল্য প্রমাণ করে, সুযোগ, শ্রম ও দৃঢ় মনোবল একত্র হলে একজন নারীও নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।



