২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নারী

অন্তঃসত্ত্বা অবস্থায় এক বছরে সাত ম্যারাথন, নজির গড়লেন যুক্তরাষ্ট্রের নারী দৌড়বিদ

IMG_7924

অন্তঃসত্ত্বা অবস্থায় এক বছরে সাতটি ম্যারাথন সম্পন্ন করে অনন্য নজির গড়েছেন যুক্তরাষ্ট্রের নারী দৌড়বিদ ডেইড্রে কিন। ৩৮ বছর বয়সী এই নার্স প্র্যাকটিশনার ও ব্যবস্থাপনা পরামর্শক জীবনে ৭০টির বেশি ম্যারাথনে অংশ নিয়েছেন। তবে এবারের অর্জন তাঁর কাছে ছিল একেবারেই বিশেষ।

গত ১ নভেম্বর ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিউইয়র্ক সিটি ম্যারাথন শেষ করেন ডেইড্রে। ৪ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করে একই বছরে সাতটি ওয়ার্ল্ড ম্যারাথন মেজরস সম্পন্ন করার লক্ষ্য পূরণ করেন তিনি।

চলতি বছরের মার্চে টোকিও ম্যারাথনের মধ্য দিয়ে শুরু হয় তাঁর এই অভিযান। এরপর এপ্রিলে বোস্টন ও লন্ডন ম্যারাথনে অংশ নেওয়ার সময় শরীরে কিছু পরিবর্তন অনুভব করেন তিনি। পরে পরীক্ষা করে জানতে পারেন, মা হতে চলেছেন। এরপর চিকিৎসকের অনুমতি নিয়ে দৌড় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

গত আগস্টে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় সিডনি ম্যারাথনে অংশ নেন ডেইড্রে। এরপর ২৯ সপ্তাহে বার্লিন এবং ৩১ সপ্তাহে শিকাগো ম্যারাথন সম্পন্ন করেন। শিকাগোতে তাঁর দৌড় শেষ করতে সময় লেগেছিল চার ঘণ্টারও কম।

ডেইড্রে জানান, স্বামী ব্রায়ানের উদ্বেগের কথা বিবেচনা করে দৌড়ের গতি কমিয়ে দিয়েছিলেন তিনি। পাশাপাশি প্রয়োজন হলে দৌড়ের পরিবর্তে হাঁটার পরিকল্পনাও রেখেছিলেন। নিজের ও অনাগত সন্তানের নিরাপত্তার কথা ভেবে আয়রনম্যান প্রতিযোগিতা এবং একটি আলট্রাম্যারাথন থেকেও সরে দাঁড়ান।

কলেজজীবনে বাবা জন কিনের অনুপ্রেরণায় ম্যারাথন দৌড় শুরু করেন ডেইড্রে। ক্যানসারে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর দৌড়ই হয়ে ওঠে তাঁর মানসিক শক্তির অন্যতম উৎস।

Advertisements

এর আগেও ব্যতিক্রমী কীর্তি গড়েছেন এই দৌড়বিদ। ২০২৩ সালে মাত্র সাত দিনে সাতটি মহাদেশে সাতটি ম্যারাথন সম্পন্ন করেছিলেন তিনি। এবার নিজের অনাগত ছেলেকে জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সাহস ও দৃঢ়তার শিক্ষা দিতে চান ডেইড্রে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করা নিরাপদ হতে পারে। তবে গর্ভাবস্থায় অতিরিক্ত দীর্ঘ দূরত্বের দৌড়ের ঝুঁকি নিয়ে গবেষণা এখনো সীমিত। তাই এ ধরনের শারীরিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ব্যক্তির শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শকে গুরুত্ব দেওয়া জরুরি।

সূত্র: ডিবিসি নিউজ, সিএনএন

Advertisements