২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

Foregion-Minister-6b0473fab8cbd

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও জোরালো করার জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তাঁরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। কপ-৩১ সম্মেলনে উচ্চপর্যায়ের আলোচনায় উঠে আসা বিভিন্ন সিদ্ধান্ত ও প্রতিশ্রুতিকে কীভাবে বাস্তবভিত্তিক সহযোগিতায় রূপ দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ-৩১ সম্মেলনে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০ কোটি পাউন্ড অনুদান দিয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এই ব্যবস্থার আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি জলবায়ু বিনিয়োগ আকৃষ্ট করার সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি মোকাবিলা এবং নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর বিষয়েও দুই দেশ একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু হিসেবে পাটের ব্যবহার বাড়ানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়।

Advertisements

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ওই মামলায় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায় নিয়ে আদালতের সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি যুক্তরাজ্যের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা প্রয়োজন। আইসিজের রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আরও জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা চান তিনি।

এ সময় রোহিঙ্গাদের অধিকার ও মানবিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করায় এডিনবারার ডাচেস সোফির প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তাঁর সাম্প্রতিক সফরের প্রসঙ্গ তুলে ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা এবং অধিকার প্রতিষ্ঠায় তাঁর বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রোহিঙ্গাদের পাশে যুক্তরাজ্যের অবস্থান অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার প্রচেষ্টায় যুক্তরাজ্য সহযোগিতা অব্যাহত রাখবে।

রোহিঙ্গা সংকটের পাশাপাশি বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরকালে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে তাঁর আলোচনার বিষয়টিও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের শিল্পকলা, সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে বলে তিনি মনে করেন।

বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।

Advertisements