গ্যাসলাইটিং – ভালোবাসার নামে নীরব মানসিক নির্যাতন

অনেক সময় সম্পর্কের ভেতরে থেকেই মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। আপনজনের কথা, আচরণ কিংবা যুক্তির ভিড়ে নিজের অনুভূতি আর স্মৃতিই যেন ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়। তখন মনে হয়, আমি কি সত্যিই ভুল ভাবছি? নাকি সমস্যাটা আমারই? এই অদৃশ্য অথচ ভয়ংকর মানসিক নির্যাতনের নাম ‘গ্যাসলাইটিং’।
গ্যাসলাইটিং হলো এক ধরনের মানসিক কৌশল যেখানে একজন মানুষ ধীরে ধীরে আরেকজনকে নিজের স্মৃতি, অনুভূতি ও সিদ্ধান্ত নিয়ে সন্দেহে ফেলে দেয়। বারবার এমনভাবে কথা বলা হয় যেন ভুক্তভোগী নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে।
এই শব্দটির উৎস ১৯৪৪ সালের সিনেমা Gaslight থেকে। এই সিনেমায় একজন স্বামী পরিকল্পিতভাবে তার স্ত্রীকে বোঝাতে থাকে যে সে মানসিকভাবে অসুস্থ। আজকের দিনে গ্যাসলাইটিং শুধু দাম্পত্য সম্পর্কে নয় বন্ধুত্ব, পরিবার, কর্মক্ষেত্র এমনকি চিকিৎসা পরামর্শেও দেখা যায়।
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এটি প্রায়ই আসে ‘ভালোবাসা’, ‘ভালো চাওয়া’ বা ‘তোমার জন্যই বলছি’ এই মুখোশ পরে।গ্যাসলাইটিং হঠাৎ ঘটে না। এটি ধীরে ধীরে গড়ে ওঠে আচরণের একটি ধারাবাহিকতায়। যেমন
- আপনি যা দেখেছেন বা শুনেছেন, তা সরাসরি অস্বীকার করা
- বলা যে আপনি ভুল বুঝেছেন বা আপনার স্মৃতিশক্তি দুর্বল
- আপনার অনুভূতিকে তুচ্ছ করে বলা, “তুমি খুব বেশি সেনসিটিভ”
- নিজের ভুলের দায় আপনার ওপর চাপানো
- আপনাকে অপরাধবোধে ভোগানো এমন কিছুর জন্য, যা আপনি করেননি
- ধীরে ধীরে আপনাকে বন্ধু বা পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া
অনেক সময় গ্যাসলাইটার নিজেও বুঝতে পারে না যে সে এই কাজটি করছে। কিন্তু যে ব্যক্তি এর শিকার হন, তাঁর আত্মবিশ্বাস, মানসিক শক্তি ও আত্মমর্যাদা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গ্যাসলাইটিংয়ের সবচেয়ে নির্মম দিক হলো, এটি মানুষকে নিজের বাস্তবতাই প্রশ্ন করতে বাধ্য করে। একসময় ভুক্তভোগী ভাবতে শুরু করেন, “আমি কি সত্যিই ঠিক আছি?”এই অবস্থায় মানুষ সাহায্য চাইতেও ভয় পায়, কারণ তার মনে হয় সমস্যাটা বুঝি তার নিজের মধ্যেই।
গ্যাসলাইটিং এতটাই সূক্ষ্ম যে অনেক সময় বোঝাই যায় না। তবে কিছু লক্ষণ নিয়মিত দেখা গেলে সতর্ক হওয়া জরুরি
- সব সিদ্ধান্ত নিয়ে সব সময় দ্বিধায় থাকা
- ভুল না করেও বারবার ক্ষমা চাওয়া
- ওই ব্যক্তির কথা ভাবলেই অস্বস্তি বা উদ্বেগ অনুভব করা
- নিজের মূল্য নিয়ে সন্দেহ তৈরি হওয়া
- আগের মতো প্রিয় কাজ বা শখে আনন্দ না পাওয়া
- কাছের মানুষদের চোখে নিজের আচরণ বদলে যাওয়া
গ্যাসলাইটিং থেকে মুক্তি পাওয়া সহজ নয়, তবে অসম্ভবও না।
বিশ্বাসযোগ্য মানুষ – একাকিত্বই গ্যাসলাইটিংয়ের শক্তি। বন্ধু বা পরিবারের সঙ্গে খোলামেলা কথা বললে আপনি পরিস্থিতিটা পরিষ্কারভাবে দেখতে পারবেন।
কথা বা ঘটনার নোট – গুরুত্বপূর্ণ কথোপকথনের পর কী বলা হয়েছে, কী ঘটেছে সংক্ষেপে লিখে রাখুন। পরে নিজের স্মৃতিকে যাচাই করতে এটি খুব কাজে দেয়।
নিজের সীমা স্পষ্ট – চিৎকার, অপমান বা অবমূল্যায়ন হলে স্পষ্টভাবে বলুন। এভাবে কথা বললে আপনি আলোচনা বন্ধ করবেন। সীমা নির্ধারণ করা দুর্বলতা নয়, বরং আত্মরক্ষার উপায়।
নিজের পরিচয় – যে কাজগুলো আপনাকে আনন্দ দিত, সেগুলো আবার শুরু করুন। নিজের যত্ন নিন শারীরিক ও মানসিক দুটোই।
বিশেষজ্ঞদের সাহায্য – মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা থেরাপিস্টের সঙ্গে কথা বলা খুব সহায়ক হতে পারে। তারা আপনাকে বোঝাতে সাহায্য করবেন। এই পরিস্থিতির জন্য আপনি দায়ী নন।
আর যদি সম্পর্কটি অতিরিক্ত ক্ষতিকর হয়ে ওঠে, তবে নিরাপদ উপায়ে দূরে সরে যাওয়াই হতে পারে সবচেয়ে সুস্থ সিদ্ধান্ত।
গ্যাসলাইটিং কোনো ‘ভুল বোঝাবুঝি’ নয়। এটি একটি বাস্তব ও ক্ষতিকর মানসিক নির্যাতন। ভালোবাসার নামে যদি কেউ আপনাকে নিজের ওপর সন্দেহ করতে শেখায়, তবে সেটি ভালোবাসা নয়। নিজের অনুভূতিকে বিশ্বাস করুন। আপনি যা অনুভব করছেন, তা গুরুত্বপূর্ণ।



