বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
রূপ-সৌন্দর্য

শীতেও নরম ও জেল্লাদার চুলের জন্য ঘরেই বানান প্রাকৃতিক কন্ডিশনার

220-SM887707

শীতকাল মানেই উৎসব, ভ্রমণ আর আনন্দ। কিন্তু এই সময়টাই চুলের জন্য সবচেয়ে কঠিন। ঠান্ডা হাওয়া, কম আর্দ্রতা আর গরম পানিতে গোসল সব মিলিয়ে চুল হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন। অনেকের চুলে বাড়ে আগা ফাটার সমস্যাও। শুধু শ্যাম্পু আর বাজারের কন্ডিশনার ব্যবহার করলে এই সমস্যা পুরোপুরি দূর হয় না। শীতে চুলের বাড়তি যত্ন নিতে প্রয়োজন ডিপ কন্ডিশনিং। এই ডিপ কন্ডিশনিং আপনি ঘরেই করতে পারেন। তাও একেবারে প্রাকৃতিক উপকরণ দিয়ে। নিয়মিত ব্যবহার করলে পুরো শীতজুড়ে চুল থাকবে নরম, মসৃণ আর স্বাস্থ্যোজ্জ্বল।

পাকা কলার পুষ্টিকর প্যাক

কলা প্রাকৃতিকভাবে চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এতে থাকা পটাশিয়াম, ভিটামিন ও প্রোটিন শুষ্ক চুলে প্রাণ ফিরিয়ে আনে।

যেভাবে ব্যবহার করবেন – একটি পাকা কলা ভালো করে চটকে নিন। এর সঙ্গে সামান্য মধু, একটি ডিম ও একটু দুধ মিশিয়ে মসৃণ পেস্ট বানান। এই মিশ্রণ মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল হবে ঝলমলে ও নরম।

Advertisements

দইয়ের ডিপ কন্ডিশনিং প্যাক

দই চুলের জন্য দারুণ উপকারী। এটি মাথার ত্বক পরিষ্কার রাখে, চুল মসৃণ করে এবং চুলকানি কমাতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন – টক দইয়ের সঙ্গে কলা, মধু ও সামান্য অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মাথার ত্বকে ও চুলে লাগিয়ে ২০–৩০ মিনিট রেখে দিন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। যাঁদের ঠান্ডা বেশি লাগে, তাঁরা ১০ মিনিট রাখলেই যথেষ্ট।

অ্যালোভেরায় ফিরবে চুলের সতেজতা

অ্যালোভেরা মাথার ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে এবং চুলকে করে তোলে প্রাণবন্ত।

যেভাবে ব্যবহার করবেন – ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। চুলে লাগিয়ে ৫–১০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে স্বাভাবিক কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার করলে চুলের রুক্ষতা অনেকটাই কমে যাবে।

আপেল সিডার ভিনেগার রিন্স

যাঁদের মাথার ত্বক বেশি তেলতেলে বা খুশকির সমস্যা আছে, তাঁদের জন্য এটি বেশ কার্যকর।

যেভাবে ব্যবহার করবেন – প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। তারপর এক মগ পানির সঙ্গে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এই পানি মাথার ত্বক ও চুলে ঢেলে ৫ মিনিট হালকা ম্যাসাজ করুন। এরপর আবার হালকা করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগান।

নারকেল তেলের সহজ সমাধান

নারকেল তেল চুলের যত্নে বহুদিনের পরীক্ষিত উপাদান। এটি চুলের গোড়া শক্ত করে এবং চুলকে রাখে নরম।

যেভাবে ব্যবহার করবেন – পরিমাণমতো নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মেশান। শ্যাম্পুর আগে বা শ্যাম্পু করার সময় চুলে লাগান। ২০ মিনিট রেখে হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

শীতে চুলের যত্ন মানেই বাড়তি সময় আর যত্ন নেওয়া। সপ্তাহে এক বা দুই দিন এই ঘরোয়া কন্ডিশনারগুলোর যেকোনো একটি ব্যবহার করলেই চুল থাকবে নরম, মসৃণ আর স্বাস্থ্যোজ্জ্বল, প্রাকৃতিকভাবেই।

Advertisements