শীতে চুল–ত্বক–পায়ের যত্নে সহজ ঘরোয়া সমাধান

শীত এলেই ত্বক, চুল আর পায়ের যত্ন নিয়ে দুশ্চিন্তা বাড়ে। ধুলোবালি, শুষ্ক বাতাস, ধোঁয়া আর ঠান্ডার প্রভাবে চুল হয়ে যায় রুক্ষ। ত্বক হারায় উজ্জ্বলতা আর সারাদিন জুতা–মোজা পরার কারণে পায়ে দেখা দেয় অস্বস্তি। একটু সচেতনতা আর কিছু সহজ ঘরোয়া যত্নেই কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।
ধুলো–ধোঁয়ায় চুল নিস্তেজ?
চাকরির প্রয়োজনে যাঁদের প্রতিদিন বাইরে বের হতে হয়, তাঁদের চুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধুলোবালি ও ধোঁয়ার কারণে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করেন। যা চুলের স্বাভাবিক তেল নষ্ট করে দেয়। এই পরিস্থিতিতে উপকারী হতে পারে হেয়ার ডিটক্স।
ঘরে শতভাগ হেয়ার ডিটক্স ট্রিটমেন্ট করা সম্ভব না হলেও ডিটক্স প্যাক ব্যবহার করা যায়। সপ্তাহে এক দিন প্রথমে হট অয়েল ম্যাসাজ করুন। এরপর আপেল সিডার ভিনেগার, নারকেলের দুধ, একটি ভিটামিন ই ক্যাপসুল ও অল্প পরিমাণ মাইল্ড শ্যাম্পু মিশিয়ে চুল ধুয়ে নিন। এতে মাথার ত্বকে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার হবে। চুল ফিরে পাবে হালকা ও সতেজ ভাব।

আরও গভীর পরিষ্কারের জন্য অ্যালোভেরা জেল, আপেল সিডার ভিনেগার ও সামান্য সি-সল্ট মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার ত্বকে আধা ঘণ্টা ম্যাসাজ করে রাখুন। এরপর প্রোটিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চুলের মসৃণতা ফেরাতে ঘরোয়া মাস্ক
শীতে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে গেলে পারলারে যাওয়ার দরকার নেই। একটি ডিম, পরিমাণমতো টক দই ও অ্যালোভেরা জেল ভালোভাবে ফেটিয়ে শ্যাম্পু করা চুলে লাগান। আধা ঘণ্টা পর আবার শ্যাম্পু করুন। নিয়মিত ব্যবহার করলে চুল হবে নরম, উজ্জ্বল ও সিল্কির মতো মসৃণ।
পুরুষদের ত্বকের যত্নও জরুরি
শীত শুধু নারীদের নয় পুরুষদের ত্বকেও প্রভাব ফেলে। ত্বক মসৃণ রাখতে রাতে অলিভ অয়েল ও গোলাপজল মিশিয়ে মুখে লাগাতে পারেন। উজ্জ্বলতা বাড়াতে পাকা টমেটোর পেস্টের সঙ্গে টক দই ও মধু মিশিয়ে প্যাক ব্যবহার করুন। এটি ত্বকের নিস্তেজ ভাব দূর করে।
পায়ে গন্ধ ও চুলকানি থেকে মুক্তি
শীতে সারাদিন জুতা–মোজা পরলে পায়ে ঘাম, দুর্গন্ধ ও চুলকানি হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে সুতির মোজা ব্যবহার করুন এবং প্রতিদিন পরিষ্কার মোজা পরুন। সুযোগ পেলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন। চামড়া বা কাপড়ের জুতা পরলে বাতাস চলাচল করতে পারে ফলে পা কম ঘামে।
বাড়ি ফিরে হালকা গরম পানিতে সাবান দিয়ে পা ধুয়ে নিন। এতে জীবাণু কমে যাবে এবং পা থাকবে ফ্রেশ।
শীতের দিনে একটু সচেতনতা আর নিয়মিত যত্নই পারে চুল, ত্বক ও পাকে রাখতেও সুন্দর, সুস্থ ও স্বস্তিতে।



