বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

শীতের রোদে ত্বক পুড়েছে?

120-SM875269

শীত এলেই সকালের নরম রোদ গায়ে মাখতে ভালো লাগে। গরমের সময় যেখানে রোদ এড়িয়ে চলি, শীতে সেখানে রোদ পোহানো যেন এক ধরনের স্বস্তি। ভিটামিন ডি নেওয়ার কথাও তখন বেশি মনে পড়ে। কিন্তু দীর্ঘক্ষণ রোদে বসে থাকলে অনেকের ত্বক পুড়ে যায়। বিশেষ করে যাদের ত্বক পাতলা বা সংবেদনশীল। এতে ত্বকের রং তামাটে হয়ে ওঠে, দেখা দেয় জ্বালাপোড়া বা শুষ্কভাব।

এই সমস্যা থেকে মুক্তি পেতে গোসলের সময় বা গোসলের আগে কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করা যেতে পারে। এগুলো নিয়মিত ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে স্বাভাবিক রং ও কোমলতা ফিরে পায়।

লেবু, মধু ও গোলাপজলের প্যাক – লেবু ত্বকের ট্যান হালকা করতে সাহায্য করে, আর মধু শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখে। ১ চা-চামচ লেবুর রস, ১ চা-চামচ শসার রস, ১ চা-চামচ মধু এবং আধা চা-চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্যাক ব্যবহারের পরদিন সরাসরি রোদ এড়িয়ে চলাই ভালো।

দই, বেসন ও হলুদের প্যাক – এই প্যাক ত্বকের ট্যান কমানো ও মৃত কোষ দূর করতে বেশ কার্যকর।২ চা-চামচ টক দই, ১ চা-চামচ বেসন এবং এক চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ, গলা বা রোদে পোড়া জায়গায় লাগিয়ে ১৫–২০ মিনিট রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

লেবু ও চিনির হালকা স্ক্রাব – রোদে পোড়া ত্বকের জন্য হালকা স্ক্রাব ভালো কাজ করে।লেবুর রসের সঙ্গে অল্প চিনি বা মধু মিশিয়ে আক্রান্ত জায়গায় আলতো করে ১০–১৫ মিনিট ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্রাবের পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করুন। না হলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

আলুর রস ও মুলতানি মাটির প্যাক – আলুর রস ত্বকের কালচে ভাব কমাতে সাহায্য করে, আর মুলতানি মাটি ত্বক পরিষ্কার রাখে। ২ চা-চামচ আলুর রস, ১ চা-চামচ মুলতানি মাটি এবং প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেলের দুধে ত্বকের যত্ন – রোদে পোড়া ত্বকের জন্য নারকেলের দুধ খুব উপকারী। এটি ত্বককে শান্ত করে ও উজ্জ্বলতা বাড়ায়।রোদে পোড়া জায়গায় তাজা নারকেলের দুধ লাগিয়ে আধা ঘণ্টা রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

শসা ও লেবুর রস – শসা ত্বক ঠান্ডা রাখে এবং পোড়া ভাব কমায়।শসা থেঁতো করে রস বের করে নিন। এর সঙ্গে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে তুলার সাহায্যে মুখ, ঘাড় বা হাতে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কিছু বাড়তি টিপস

  • প্যাক ব্যবহারের পর ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না
  • খুব সংবেদনশীল ত্বকে লেবু ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন
  • রোদে বের হলে ছাতা বা হালকা কাপড় ব্যবহার করুন

শীতের রোদ উপভোগ করা যেতেই পারে। তবে ত্বকের যত্নও জরুরি। নিয়মিত এই সহজ ঘরোয়া প্যাকগুলো ব্যবহার করলে রোদে পোড়া ভাব কমবে, ত্বক থাকবে নরম ও সতেজ। একটু সচেতন হলেই শীতের রোদ হবে উপভোগ্য, ত্বকের জন্য নয় কষ্টের কারণ।