জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের নারীরা

জলবায়ু পরিবর্তনের কারণে দেশের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট, ভূমি ক্ষয় ও খাদ্য নিরাপত্তার সমস্যা সরাসরি নারীদের জীবনকে প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে নারীদের জন্য লবণসহিষ্ণু খাদ্যপণ্য সংরক্ষণ, পরিবেশবান্ধব পণ্য তৈরি এবং বিকল্প আয়ের পথ সৃষ্টি করা খুব জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন, “নারী উদ্যোক্তারা শক্তিশালী হলে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পায়, শিশুদের শিক্ষা ও পুষ্টি উন্নত হয় এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাও সুরক্ষিত হয়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মাধ্যমে নারী নেতৃত্ব দেশের অর্থনৈতিক রূপান্তর এবং স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
উপদেষ্টা বলেন, “নারীরা স্বাবলম্বী হলে শুধুমাত্র পরিবার নয়, পুরো সমাজ এবং জাতি এগিয়ে যায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় নারী উদ্যোক্তারা সামাজিক ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজস্ব পণ্য উৎপাদন, বিপণন ও মূল্য সংযোজনের কাজ করছেন, যা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “নারী উদ্যোক্তাদের জন্য বাজারে প্রবেশাধিকার, প্রশিক্ষণ, প্রযুক্তি, আর্থিক সহায়তা এবং নীতিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম স্থানীয় পণ্যের পরিচিতি ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঘরে বসেই নারীরা হস্তশিল্প, স্বাস্থ্যসম্মত খাদ্য, পোশাক, প্রসাধনী ও ঐতিহ্যবাহী পণ্য তৈরি করে সফলতা অর্জন করছেন।”
উপদেষ্টা আরও বলেন, “জামদানি, নকশীকাঁথা, মাটির সামগ্রী ও স্থানীয় খাদ্যপণ্যকে ব্র্যান্ডিং করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় করা সম্ভব, যেখানে নারী নেতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীতি সহায়তা, বাজার সম্প্রসারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
তিনি শেষ করেন, “নারী ও তরুণ প্রজন্ম বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের মূল চালিকা শক্তি। রাষ্ট্র, ব্যবসা প্রতিষ্ঠান ও সমাজ—সবার উচিত তাদের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসির (বিএসসিপিএলসি) চেয়ারম্যান আব্দুন নাসের খান, সিনিয়র আইনজীবী সারা হোসেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) মহাসচিব শেখ মোহাম্মদ মেহেদী আহসানসহ অন্যান্য প্রমুখ।



