বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
নারী

‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের তালিকায় সানজিদা ইসলাম তুলি

Untitled-3

বাংলাদেশের মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি এ বছর নেদারল্যান্ডসের আন্তর্জাতিক মানবাধিকার সম্মাননা ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের চূড়ান্ত মনোনীতদের দলে জায়গা পেয়েছেন। বিশ্বজুড়ে সাতজন ব্যক্তিকে বাছাই করে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশের গুমবিরোধী আন্দোলন আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে এসেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে তুলি শিগগিরই নেদারল্যান্ডস যাচ্ছেন। তার ভাষায়, এই মনোনয়ন শুধু ব্যক্তিগত অর্জন নয়—গুমে নিখোঁজ হওয়া পরিবারের দীর্ঘদিনের সংগ্রামকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গুমের ঘটনাগুলো দেশ–বিদেশে উদ্বেগ বাড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে, তুলির মনোনয়ন সেই উদ্বেগকে বৈশ্বিক স্তরে নতুন করে সামনে এনেছে এবং ন্যায়বিচার চাইতে থাকা পরিবারগুলোর কণ্ঠ আরও জোরালো করবে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর এমন ব্যক্তি বা সংগঠনকে এই পুরস্কার দিয়ে থাকে, যারা মানবাধিকার রক্ষা ও প্রচারের ক্ষেত্রে সাহসী, উদ্ভাবনী ও প্রভাবশালী ভূমিকা রাখেন। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণাও সেখানে আয়োজিত অনুষ্ঠানে জানানো হবে।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’–এর অন্যতম সমন্বয়ক হিসেবে তুলি দীর্ঘদিন ধরে কাজ করছেন। পাশাপাশি তিনি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস–এর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

প্রায় দুই দশক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পেশাগত জীবন কাটালেও গত দশ বছর তিনি সরাসরি মানবাধিকার কার্যক্রমে যুক্ত। ২০১৩ সালে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাঁর ভাই সাজেদুল ইসলাম সুমন নিখোঁজ হওয়ার পর পরিবারের সেই অনুসন্ধান ও লড়াই থেকেই তাঁর মানবাধিকারকর্মী হয়ে ওঠার পথ শুরু।