বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
জীবনযাপন

ভূমিকম্পের পর আতঙ্ক কাটছে না?

300-SM984482

হঠাৎ ভূমিকম্প হলে সবচেয়ে আগে আঘাত লাগে মনের ওপর। সকাল-দুপুর, রাত সময়টা যাই হোক মাটি কাঁপা মাত্রই যে ভয় এবং অনিশ্চয়তার অনুভূতি আসে। কেউ দৌড়ে বাইরে চলে যান, কেউ ঘুম ভেঙে অস্থির হয়ে পড়েন, আবার কেউ পরের রাতেও বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ভয় পান। এ ধরনের অভিজ্ঞতার পর আমাদের মস্তিষ্ক বারবার একই ঘটনা মনে করায়। আর সেখান থেকেই তৈরি হয় ট্রমা বা মানসিক ধাক্কা।ভূমিকম্পের ট্রমা কাটাতে ধাপে ধাপে কিছু সহজ পদক্ষেপ সাহায্য করতে পারে।

নিজের নিরাপত্তা নিশ্চিত করুন – ট্রমার পর প্রথম কাজ হলো বর্তমানকে নিরাপদ করা। আপনার ঘর, কর্মস্থল বা আশপাশের পরিবেশ ঝুঁকিমুক্ত কি না দেখে নিন। দরকার হলে জানালার কাছে ভারী জিনিস সরিয়ে রাখা, শেলফ বা আলমারি শক্তভাবে লাগানো, জরুরি প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখা এসব ছোট পদক্ষেপও মানসিক স্বস্তি দেয়। বুঝতে পারবেন, “আমি প্রস্তুত” এই অনুভূতিই ভয়কে কমায়।

গভীর শ্বাস নিন, নিজেকে সময় দিন – ভয় লাগলে দেহের ভেতরে চাপ জমে। ধীরে ধীরে গভীর শ্বাস–প্রশ্বাস নেওয়া সে চাপ কমাতে কাজ করে। চার সেকেন্ড শ্বাস নিন, দুই সেকেন্ড ধরে রাখুন, চার সেকেন্ডে ছাড়ুন এই নিয়ম কয়েকবার করলে হৃদস্পন্দন ধীরে আসে, শরীরও শান্ত হয়। এটি যে কোনো জায়গায়, যেকোনো সময় করা যায়।

অনুভূতি শেয়ার করুন – ভিতরে ভয় জমিয়ে রাখলে ট্রমা আরও বাড়ে। পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীর সঙ্গে কথা বলুন। শুধু বলে ফেলাই মানসিক ভার অনেকটা কমিয়ে দেয়। কেউ বলবে “আমি-ও ভয় পেয়েছি”এই সংযোগই মনে সাহস জোগায়। মনে রাখবেন, ভয় পাওয়া কোনো দুর্বলতা নয়। এটি খুব সাধারণ মানবিক প্রতিক্রিয়া।

Advertisements

অতিরিক্ত সংবাদ ও ভিডিও থেকে দূরে থাকুন – ট্রমার পর যদি ভূমিকম্পের ভিডিও, খবর বা বিশ্লেষণ দেখেন, মস্তিষ্ক আবার একই ভয় জাগিয়ে তুলতে পারে। কিছুদিনের জন্য এমন কনটেন্ট দেখা বন্ধ রাখুন। চাইলে বিনোদনমূলক কনটেন্ট দেখুন, বই পড়ুন, বা নতুন কোনো কাজে মন দিন। মনকে নিরাপদ জায়গায় রাখতে দিন।

প্রয়োজন হলে পেশাদারের সাহায্য নিন – কেউ কেউ দ্রুত স্বাভাবিক হয়ে যান, আবার কারও সময় লাগে। যদি ঘুমাতে না পারেন, বারবার দুঃস্বপ্ন দেখেন, বুক ধড়ফড় করে, মনে হয় “যেকোনো সময় আবার হবে” তাহলে দেরি না করে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের কাছে যান। তাঁদের পরামর্শ ও থেরাপি ট্রমা কাটাতে কার্যকর ভূমিকা রাখে।

ভূমিকম্প আমাদের নিয়ন্ত্রণে নয়। কিন্তু নিজের যত্ন নেওয়াটা সম্পূর্ণ আমাদের হাতে। সময় দিন, শরীর ও মনকে শান্ত রাখুন, অন্যদের সঙ্গে কথা বলুন। ভয় নয়, সচেতনতা। এটাই আপনাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করবে।

Advertisements