মামদানির জয়ের নেপথ্যে বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম

নিউইয়র্ক সিটির রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এই জয় শুধু ব্যক্তিগত নয় এটি এক নতুন রাজনৈতিক যুগের সূচনা। আর এই বিজয়ের নেপথ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত যোগাযোগ বিশেষজ্ঞ জারা রহিম, যিনি ছিলেন মামদানির সিনিয়র উপদেষ্টা ও প্রচারাভিযানের মূল কৌশলনির্মাতা।
জারার নেতৃত্বে তৈরি প্রচারকৌশল ছিল একেবারে ভিন্নধর্মী। তিনি দলকে নির্দেশ দিয়েছিলেন ‘রাজনৈতিক কৌশলবিদদের তৈরি নিউইয়র্ককে ভুলে গিয়ে প্রকৃত নিউইয়র্ক নিয়ে কথা বলুন।’ এই ধারণা থেকেই গড়ে ওঠে জনগণকেন্দ্রিক এক আন্দোলন, যা নিউইয়র্কের প্রান্তিক ও দীর্ঘদিন উপেক্ষিত ভোটারদের একত্র করে। এই কৌশলের ফলেই ৯০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক এবং ১৬ লাখ দরজায় কড়া নাড়া এমন নজিরবিহীন জনসম্পৃক্ততা তৈরি হয়।
৩৫ বছর বয়সী জারা রহিম এক দশকেরও বেশি সময় ধরে রাজনীতি, সংস্কৃতি ও ডিজিটাল কৌশলের জগতে সক্রিয়। তিনি ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান। ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা থেকে যোগাযোগ বিষয়ে স্নাতক সম্পন্ন করে ২০১২ সালে বারাক ওবামার পুনর্নির্বাচন প্রচারণায় যোগ দেন এবং দ্রুতই ডিজিটাল কনটেন্ট ডিরেক্টর পদে উন্নীত হন। পরে তিনি ওবামা প্রশাসনের হোয়াইট হাউস ডিজিটাল টিম, উবার, হিলারি ক্লিনটনের ২০১৬ সালের প্রচারণা ও ভোগ ম্যাগাজিনে নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেন।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মামদানির প্রচারণায় যোগ দিয়ে জারা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর কৌশলে মামদানির প্রচার হয়ে ওঠে বহুভাষিক, অন্তর্ভুক্তিমূলক এবং মুসলিম, দক্ষিণ এশীয় ও অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল এক আন্দোলন।
বিজয়ের পর মামদানি শুধুমাত্র নারীদের নিয়ে গঠিত একটি ট্রানজিশন টিম ঘোষণা করেছেন, যার অন্যতম সদস্য জারা রহিম। দলে রয়েছেন সাবেক ফেডারেল ট্রেড কমিশন চেয়ার লিনা খানসহ আরও কয়েকজন নারী নেতৃত্ব। এই দল ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।



