তিন বছর ধরে আলাদা দেশে মৌসুমী–ওমর সানী, সত্যিই কি বিচ্ছেদের পথে?

তিন বছরের বেশি সময় ধরে আলাদা দেশে বসবাস করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর ওমর সানী বাংলাদেশে। তাঁদের দীর্ঘদিনের এই দূরত্ব নিয়ে বিভিন্ন সময় দাম্পত্য জীবনে টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও এর পেছনে রয়েছে পারিবারিক কিছু কারণ।
২০২৩ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মেয়ে ফাইজার পড়াশোনা এবং অসুস্থ মায়ের দেখাশোনার জন্যই তাঁকে যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে।
মৌসুমীর মা বয়সজনিত নানা সমস্যায় ভুগছেন। এমনকি তিনি এখন একা চলাফেরাও করতে পারেন না। ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ায় নিয়মিত দেখাশোনার প্রয়োজন হয় তাঁর। মায়ের পাশে থাকার বিষয়টিকে জীবনের এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিনেত্রী।
দেশে ফেরার বিষয়ে মৌসুমী বলেন, তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার মূল কাজ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কারণে এখনই দেশে ফেরা সম্ভব হচ্ছে না। আগে শুটিং ও অন্যান্য কাজের ব্যস্ততায় মাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। তাই এখন তাঁর পাশে থাকতে চান।
অন্যদিকে, স্ত্রীকে যুক্তরাষ্ট্রে থাকার বিষয়ে সমর্থন দিয়েছেন ওমর সানীও। তাঁর মতে, শাশুড়ির অসুস্থতা এবং মেয়ের পড়াশোনার বিষয়টি বিবেচনা করেই মৌসুমীকে সেখানে থাকতে বলেছেন তিনি। পরিবারের সদস্য হিসেবে মায়ের যত্ন নেওয়া তাঁদের দায়িত্ব বলেও মনে করেন এই অভিনেতা।
২০২৬ সালের জানুয়ারিতে একটি পডকাস্টে ওমর সানী জানিয়েছিলেন, তিনিও যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন। তবে ভিসা না পাওয়ায় সেখানে যাওয়া হয়নি। পরে আর চেষ্টা করেননি তিনি।
মৌসুমীর সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁদের মেয়ে ফাইজা। তিনি নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। তাঁদের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। অন্যদিকে, বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনার পাশাপাশি অভিনয় ও রেস্তোরাঁর ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ওমর সানী। ঢাকার মানিকগঞ্জ ও হেমায়েতপুরে তাঁর রেস্তোরাঁর দুটি শাখা রয়েছে।
দুই দেশে থাকলেও মৌসুমী ও ওমর সানীর মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। চলতি বছরের ৬ মে ওমর সানীর জন্মদিনে স্ত্রী মৌসুমী ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান এবং ভালোবাসার কথা প্রকাশ করেন। ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে শুভেচ্ছা জানান ওমর সানী।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নেই মৌসুমী। সেখানে ‘কন্ট্যাক্ট ম্যারেজ’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও অংশ নিচ্ছেন।
এদিকে, তাঁদের আলাদা থাকার কারণে বিচ্ছেদের যে গুঞ্জন ছড়িয়েছে, তা নাকচ করেছেন ওমর সানী। প্রায় ৩১ বছর একসঙ্গে সংসার করার পর পারিবারিক প্রয়োজনে কিছু সময় আলাদা থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শিগগিরই দুজনের দেখা হবে বলেও আশাবাদী এই অভিনেতা।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানী। বিয়ের দেড় বছর পর ২ আগস্ট তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবনে নানা অভিজ্ঞতা পেরিয়ে এখনো একসঙ্গে রয়েছেন এই তারকা দম্পতি।



