কেন চুল ছোট করেছিলেন প্রিন্সেস ডায়ানা?এক মুহূর্তের সিদ্ধান্ত, ফ্যাশন দুনিয়ায় ইতিহাস গড়েছিল ডায়ানার পিক্সি কাট

ফ্যাশন ও সৌন্দর্যের জগতে কিছু স্টাইল সময়ের সীমা ছাড়িয়ে যায়। প্রিন্সেস ডায়ানার ছোট চুলের বিশেষ ধরন, অর্থাৎ পিক্সি কাট, তেমনই একটি উদাহরণ। মৃত্যুর দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর এই চুলের সাজ এখনো জনপ্রিয়। তবে এই আইকনিক লুক কোনো দীর্ঘ পরিকল্পনার ফল ছিল না। বরং এক মুহূর্তের সিদ্ধান্ত থেকেই জন্ম নিয়েছিল ডায়ানার বিখ্যাত হেয়ারস্টাইল।
ব্রিটিশ ভোগের ইউটিউব সিরিজ ‘ভোগ ভিশনারিজ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেছেন ডায়ানার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট স্যাম ম্যাকনাইট। তাঁর বর্ণনা অনুযায়ী, নব্বইয়ের দশকে ব্রিটিশ ভোগের একটি ফটোশুটে ডায়ানার চুলে প্রথমে বব কাট করা হয়েছিল। পরে তাঁকে একটি টায়রা পরিয়ে দেখা হয়, ছোট চুলের এই সাজে তাঁকে কেমন লাগে। মূলত আশির দশকে জনপ্রিয় হওয়া একটি লুক নিয়ে পরীক্ষাই ছিল সেটি।
ফটোশুট শেষে ডায়ানা স্যামকে একটি প্রশ্ন করেন, ‘আপনাকে যদি সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তাহলে আমার চুলের কী পরিবর্তন আনবেন?’ প্রশ্নের উত্তরে স্যাম কোনো দ্বিধা না করে জানান, তিনি ডায়ানার চুল আরও ছোট করে দিতে চান। সে সময় মডেল ও তারকাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা কিছুটা সাহসী, ছেলেদের সাজের আদলে তৈরি চুলের ধরন থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি।
স্যামের প্রস্তাবে ডায়ানা সঙ্গে সঙ্গেই সম্মতি জানান। এরপর কাঁচির কয়েকটি নিপুণ ছোঁয়ায় তৈরি হয় তাঁর সেই পরিচিত ছোট চুলের সাজ। এভাবেই একটি আকস্মিক সিদ্ধান্ত হয়ে ওঠে ফ্যাশন ইতিহাসের স্মরণীয় অধ্যায়।
ডায়ানার পিক্সি কাট কেবল বাহ্যিক সৌন্দর্যের পরিবর্তন ছিল না; এর সঙ্গে জড়িয়ে যায় তাঁর ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের প্রকাশ। রাজপরিবারের আনুষ্ঠানিকতা ও নানা বিধিনিষেধের মধ্যেও নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার একটি দৃষ্টান্ত হয়ে ওঠে এই হেয়ারস্টাইল। তাঁর আধুনিক ও প্রগতিশীল মনোভাবের সঙ্গেও মানিয়ে গিয়েছিল নতুন এই সাজ।
ডায়ানার এই পরিবর্তন বিশ্বজুড়ে নারীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তাঁর মতো ছোট চুলের সাজ বেছে নিতে আগ্রহী হন। ধীরে ধীরে পিক্সি কাট হয়ে ওঠে সাহস, আত্মবিশ্বাস ও নিজের মতো করে নিজেকে প্রকাশ করার প্রতীক।
একটি ফটোশুটের সামান্য পরীক্ষা থেকে শুরু হওয়া এই হেয়ারস্টাইল যে একদিন বিশ্বজুড়ে ফ্যাশন অনুপ্রেরণা হয়ে উঠবে, তা হয়তো সেদিন কেউ ভাবেননি। কিন্তু ডায়ানার ব্যক্তিত্বের সঙ্গে মিশে গিয়ে পিক্সি কাট আজও তাঁর স্বতন্ত্র পরিচয়ের অন্যতম অংশ হয়ে আছে।



