মেঘ–পাহাড়–নদীর স্বপ্নপুরী লামা

বান্দরবানের লামা নামটা শুনলেই চোখে ভেসে ওঠে সবুজ পাহাড়, কুয়াশা আর বন্য প্রকৃতির মায়াবী আবেশ। পাহাড়ে ঘেরা আর মাতামুহুরী নদীর কোলে সাজানো এ জনপদ দেশের অন্যান্য এলাকার চেয়ে যেন একটু আলাদা। কখনো উঁচু পাহাড়, কখনো নিচু উপত্যকা সারাক্ষণই প্রকৃতি এখানে নতুন এক ছবি আঁকে। সূর্য ওঠার আগে চারপাশ কুয়াশায় ঢেকে থাকে। আর রোদ উঠতেই খুলে যায় অনিন্দ্য দৃশ্যের দরজা।
শীতকালে বা বর্ষায় উঠে গেলে পাহাড়ের চূড়ায়, মনে হবে যেন মেঘের রাজ্যে পা রেখেছেন। মেঘের ভেলা ছুঁয়ে যাওয়া, সারি সারি সবুজ বন আর আকাশজুড়ে নীল–সাদা ক্যানভাস সব মিলিয়ে লামা এক অনন্য অভিজ্ঞতার নাম।
মিরিঞ্জা পাহাড়
লামা ভ্রমণে সবচেয়ে আলোচিত স্পট হলো মিরিঞ্জা পাহাড়। প্রায় ১,৬০০ ফুট উঁচু এই জায়গা থেকে একসাথে দেখা যায় সমুদ্র, পাহাড়, আকাশ আর দূরে ভাসমান জাহাজ। এখানে তৈরি হয়েছে একটি সম্পূর্ণ পর্যটন কমপ্লেক্স আছে টাইটানিক ভিউ পয়েন্ট, ওয়াকওয়ে, শিশুপার্ক এবং বসার ব্যবস্থা।আবহাওয়া পরিষ্কার থাকলে দেখা যায় মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট, কুতুবদিয়া–মহেশখালী এলাকাও। সন্ধ্যায় সূর্যাস্তের রঙিন খেলা মিরিঞ্জাকে পরিণত করে জাদুকরি এক জায়গায়।
সুখীয়া ও দুঃখীয়া ভ্যালি
মাতামুহুরী নদীর দুই পাশে পাহাড়ঘেরা এই দুই ভ্যালি। নদীটি দেখা যায় সরু আঁকাবাঁকা পথে বয়ে চলতে যেন প্রকৃতির আঁচলে বাঁধা রূপকথা। পাহাড়ের চূড়ায় উঠলে মন ভরে যায় নির্মল বাতাসে, আর চোখ জুড়িয়ে যায় সবুজের মায়ায়।
এই পাহাড়গুলোতে আছে জুম কৃষকদের ছোট ছোট ঘর। এই ঘরগুলোকে স্থানীয়েরা বিভিন্ন নামে ডাকে। কেউ বলে “বাও”, কেউ বলে “হুৎমাইঞা”। এই জুমঘর এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থাপনা হয়ে উঠেছে।
কেন যাবেন লামা?
পাহাড়, বন ও নদীর অসাধারণ মিল। মেঘ ছোঁয়ার অনুভূতি। শান্ত, নিরিবিলি পরিবেশ। পাহাড়ি সংস্কৃতির কাছাকাছি দেখার সুযোগ। অজানা–অনাবিষ্কৃত দর্শনীয় স্থান। প্রকৃতি, রোমাঞ্চ আর শান্তি— তিনটাই মিলবে এখানে।
যেভাবে যাবেন
ঢাকা থেকে হানিফ, শ্যামলী এন আর ট্রাভেলসসহ বিভিন্ন বাসে সরাসরি লামায় যাওয়া যায়। কক্সবাজারগামী বাসে চকরিয়া নেমে সেখান থেকে সিএনজি/জিপ/বাস নিয়ে মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছানো যাবে। ট্রেনে কমলাপুর থেকে চকরিয়া স্টেশন, সেখান থেকে একইভাবে লামা।
ভ্রমণে করণীয়
- জাতীয় পরিচয়পত্র বা আইডি সঙ্গে রাখুন
- আরামদায়ক গ্রিপযুক্ত জুতা ব্যবহার করুন
- প্রথমিক চিকিৎসা, ওরস্যালাইন, টর্চ সঙ্গে রাখুন
- অভিজ্ঞ গাইড নিন- বৃষ্টিতে পাহাড়ি ঝরনা এড়িয়ে চলুন
- পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বিনয়ী আচরণ করুন
- আবর্জনা ফেলবেন না
- সন্ধ্যার পর নিরাপদ স্থানে থাকুন
- ভাড়া–খরচ সম্পর্কে আগে থেকে আপডেট নিন
যারা প্রকৃতি ভালোবাসেন, পাহাড়–বন–কুয়াশার রূপে হারিয়ে যেতে চান, তাদের জন্য লামা এক আদর্শ জায়গা। একদিন গিয়ে দেখবেন, ফিরে এসে মন বারবার বলবে আরেকবার লামা যাই!



