১৩ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩
বিবিধ

অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত সিম: চার মোবাইল অপারেটরকে ৮.২১ কোটি টাকা জরিমানা

IMG_2842

অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত ৮,৩৮০টি সিম শনাক্ত হওয়ায় দেশের চারটি মোবাইল অপারেটরকে মোট ৮ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৫ কোটি ৯১ লাখ টাকা জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির ৫,৯০৭টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের অভিযোগ উঠেছে। এছাড়া বাংলালিংককে ১ কোটি ৮৬ লাখ টাকা, টেলিটককে ৪৫ লাখ টাকা এবং গ্রামীণফোনকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ও কুমিল্লায় গত এপ্রিলে বিটিআরসি ও জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) পরিচালিত অভিযানে এসব সিম শনাক্ত করা হয়। বিটিআরসি নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি সিমের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিটিআরসির অভিযোগ, অবৈধ ভিওআইপি কল প্রতিরোধে বাধ্যতামূলক স্ব-নিয়ন্ত্রণ ও টেলিকম জালিয়াতি ব্যবস্থাপনা কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে অপারেটরগুলো, যা আইন, লাইসেন্সের শর্ত এবং মোবাইল সেবা নির্দেশিকার লঙ্ঘন।

এদিকে গ্রামীণফোন জানিয়েছে, তারা বিটিআরসির সব নির্দেশনা মেনে বায়োমেট্রিক নিবন্ধন ও প্রতারণা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা অনুসরণ করে। অন্যদিকে রবি দাবি করেছে, তারা এখনো এ বিষয়ে বিটিআরসির কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে তাদের আপত্তি রয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, উল্লেখিত সিমগুলোর ৯৫ শতাংশেরও বেশি আগেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।