বাংলাদেশে ৫ বছরে চিনির ব্যবহার কমেছে ৩৩%, বাড়ছে চিনিমুক্ত পণ্যের চাহিদা

বাংলাদেশে গত পাঁচ বছরে চিনির ব্যবহার প্রায় ৩৩ শতাংশ কমেছে, যা প্রধান ভোক্তা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০২১–২২ থেকে ২০২৫–২৬ বিপণন মৌসুমে দেশে চিনির ব্যবহার ২৭ লাখ ৬৭ হাজার টন থেকে কমে ১৮ লাখ ৬৩ হাজার টনে নেমেছে।
বিশ্বব্যাপী একই সময়ে চিনির ব্যবহার প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। তবে বাংলাদেশে এই প্রবণতার পেছনে ডায়াবেটিসের বিস্তার, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, চিনির উচ্চ দাম এবং চিনিমুক্ত বা কম চিনিযুক্ত খাদ্যপণ্যের প্রসারকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন জনস্বাস্থ্যবিদ ও ব্যবসায়ীরা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২১–২২ অর্থবছরের ২৫ লাখ ২৫ হাজার টন থেকে ২০২৫–২৬ অর্থবছরে চিনি আমদানি কমে ২১ লাখ টনে নেমেছে।
অন্যদিকে, চিনির বিকল্প মিষ্টিকারক সুক্রালোজের ব্যবহার দ্রুত বাড়ছে। পাঁচ বছরে এর আমদানি ২২ হাজার ৬৬১ কেজি থেকে বেড়ে ১ লাখ ৮ হাজার ১৮১ কেজিতে পৌঁছেছে, যা প্রায় ৩৭৭ শতাংশ বৃদ্ধি।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও চিনিমুক্ত পণ্যের জনপ্রিয়তার কারণে দেশের চিনির বাজারের ধরন দ্রুত বদলে যাচ্ছে।



