চাকরির দুনিয়ায় যে দক্ষতাগুলো সবচেয়ে বেশি দরকার

আজকের কর্মজীবন অনেক দ্রুত বদলে যাচ্ছে। শুধু ডিগ্রি বা অভিজ্ঞতা নয়, এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমন কিছু স্মার্ট স্কিল। এই স্কিল আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলতে পারে। চলুন জেনে নেওয়া যাক, সেই দক্ষতাগুলো কী এবং কেন এখন এত জরুরি।
মনোযোগ দিয়ে শোনা – ভালো যোগাযোগের শুরু হয় শোনা থেকে। শুধু কারও কথা শোনা নয় বরং তার ভাব, অনুভূতি ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করা। এটাই সক্রিয়ভাবে শোনা। যখন কেউ কথা বলছে তখন মোবাইল স্ক্রল না করে চোখে চোখ রেখে শুনুন। এতে বক্তা বুঝবে আপনি সত্যিই তার কথাকে গুরুত্ব দিচ্ছেন। এতে আপনার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং যোগাযোগ হবে আরও মজবুত।
সংক্ষেপে ও স্পষ্টভাবে বলা – অফিসে সময় মানে টাকা। তাই কথা বা লেখায় অপ্রয়োজনীয় ঘুরপথে না গিয়ে সরাসরি মূল কথা বলাই বুদ্ধিমানের কাজ। ইমেইল, মিটিং বা প্রেজেন্টেশনে আপনার বার্তা যেন সহজ ভাষায়, স্পষ্টভাবে ধরা পড়ে। চাইলে প্রতিদিন ১০ মিনিট ইংরেজি বা বাংলা কথোপকথনের অনুশীলন করুন। দেখবেন, কয়েক মাসেই আত্মবিশ্বাস বেড়ে গেছে।
শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ – আপনার হাতের নড়াচড়া, চোখের দৃষ্টি বা মুখের অভিব্যক্তি অনেক সময় কথার চেয়েও বেশি কিছু বলে দেয়। উদাহরণ হিসেবে ধরুন, প্রেজেন্টেশনের সময় যদি আপনি চোখ নিচু করে কথা বলেন। তাহলে শ্রোতারা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। অন্যদিকে, আত্মবিশ্বাসী দৃষ্টি ও হাসিমুখ আপনার বার্তাকে আরও শক্তিশালী করে তোলে।

লেখার দক্ষতা – এখন অনেকেই লেখায় সাহায্য নিতে এআই ব্যবহার করছেন। এটা খারাপ কিছু নয়। কিন্তু পুরোপুরি যন্ত্রের ওপর নির্ভর না করে নিজের স্বকীয় স্টাইল তৈরি করা জরুরি। ইমেইল বা অফিস মেসেজে বানান ঠিক রাখা, সংক্ষিপ্তভাবে লেখা এবং বিনয়ী ভঙ্গি। এসব আপনার পেশাদার ইমেজকে আরও উজ্জ্বল করবে।গঠনমূলক প্রতিক্রিয়া দেওয়া ও নেওয়া – সহকর্মীর ভুল ধরিয়ে দিতে গিয়ে কঠোর না হয়ে সহায়ক হন। একইভাবে কেউ যদি আপনাকে কোনো সমালোচনা করে। সেটাকে ব্যক্তিগতভাবে না নিয়ে শেখার সুযোগ হিসেবে নিন। যারা প্রতিক্রিয়া গ্রহণ করতে জানে, তারা দ্রুত উন্নতি করে। অফিসের টিমও তাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
সহানুভূতি ও আবেগীয় বুদ্ধিমত্তা – কর্মক্ষেত্রে শুধু যুক্তি নয়, অনুভূতিও জরুরি। সহকর্মীর জায়গায় নিজেকে কল্পনা করে তার দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। এতে সম্পর্ক আরও মজবুত হবে। বিশেষ করে সংকট বা মতবিরোধের সময় সহানুভূতি পরিস্থিতি সহজ করে তোলে।
নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা – ধরুন, আপনি হঠাৎ অফিসের বড়কর্তা বা বিনিয়োগকারীর সঙ্গে দেখা পেলেন। সময় মাত্র এক মিনিট! এই অল্প সময়েই নিজের আইডিয়া বা পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরার ক্ষমতা থাকা দরকার। এই ছোট অথচ প্রভাবশালী বক্তব্যকেই বলে ‘এলিভেটর পিচ’। অল্প কথায় নিজের ভাবনা বোঝাতে পারা এখনকার পেশাজীবনের এক বড় গুণ।
প্রযুক্তি বদলাচ্ছে, কাজের ধরনও বদলাচ্ছে। কিন্তু মানুষে মানুষে যোগাযোগ, বোঝাপড়া আর সহানুভূতির জায়গাটা কখনোই হারাবে না। যে কেউ যদি এই দক্ষতাগুলো আয়ত্ত করতে পারে, তবে সে শুধু ভালো কর্মী নয়। একজন অনুপ্রেরণাদায়ক সহকর্মী হিসেবেও সবার মনে জায়গা করে নিতে পারবে।



