প্রকৃতির গহীনে হারিয়ে যাওয়া কয়েকটি দিন

পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ঝাপসা আলো ছড়িয়ে পড়ছে, একদিকে শতফুট গভীর খাদ, অন্যদিকে মেঘ ছুঁয়ে থাকা পাহাড়। ঠিক এমন এক সকালে ঢাকার কোলাহল থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম এক নতুন জগতে—বান্দরবানের লামা উপজেলায়।
প্রথম দিন: যেখানে নীরবতা কথা বলে
১১ ঘণ্টার যাত্রা শেষে লামা বাস টার্মিনাল থেকে পাহাড়ের চূড়ায় এক রিসোর্টে পৌঁছাই। এই চূড়া যেন মেঘের খুব কাছাকাছি, আর নীরবতা এখানে তার সবচেয়ে গাঢ় রূপে উপস্থিত। একটু বিশ্রাম নিয়েই আমরা ছুটে চললাম পাহাড়ি গ্রাম আর ঝিরিপথের দিকে।
পাহাড়ি মানুষের জীবনযাত্রা, হেঁটে যাওয়া পাহাড়ি পথ, আচমকা নেমে আসা বৃষ্টি—সব মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এরপর শুরু হয় প্রকৃতির সঙ্গে প্রকৃত সম্পর্ক তৈরি করার পর্ব—ঝিরিপথ ট্র্যাকিং।
নেটওয়ার্ক বিচ্ছিন্ন এক জগতে, ঝিঁঝিঁ পোকার ডাক আর ঝিরিপানির স্রোতের শব্দে ভরে ওঠে মন। হাঁটু থেকে বুক সমান পানির ভেতর দিয়ে, পিচ্ছিল পাথর আর গাছের গুঁড়ি পেরিয়ে আমরা হাঁটি তিন ঘণ্টার এই যাত্রা। অন্ধকারে কখনো কখনো এক চিলতে আলো এসে পড়ে, আবার কখনো গা ছমছমে নিস্তব্ধতা গ্রাস করে।
রাতে, পাহাড়ের চূড়ায় গানের সুর, বার্বিকিউ আর বন্ধুদের আড্ডায় গড়ে ওঠে এক অপার্থিব রাত। মাথার ওপর খোলা আকাশ, পাশে চাঁদ—এই রাতে ঘুম নয়, বরং স্মৃতি গাঁথা হয় স্থায়ীভাবে।
দ্বিতীয় দিন: নদীর বুকে গল্প খোঁজা
সকালে বেরিয়ে পড়ি লামা বাজার আর মাতামুহুরী নদীর পাড়ে। বাজারে খাই পাহাড়ি ফল, চেখে দেখি স্থানীয় রান্না। এরপর নৌকায় চড়ে নদীপথে যাত্রা শুরু। দুইপাশে খাড়া পাহাড়, মাঝে আঁকাবাঁকা নদী—নৌকার প্রতিটি দুলুনিতে যেন প্রকৃতি আমাদের নতুন কোনো গল্প শোনায়।

হঠাৎ করেই থমকে যায় এই গল্প। এক পর্যটকের নিখোঁজ হওয়ার দুঃখজনক ঘটনায় বন্ধ হয়ে যায় পর্যটন যাত্রা।
আমরাও মাঝপথ থেকে ফিরে আসি, ফিরে যাই রিভার হিল রিসোর্টে। তবে প্রকৃতি তখনও অনুপম। নদীর পাশে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে মন বলে—সব হারিয়েও যেন কিছু পাওয়া রয়ে যায়।
শেষ দিন: স্বপ্ন ছুঁয়ে দেখা
ভোরে দরজা খুলতেই দেখি মেঘ এসে দাঁড়িয়ে আছে ঠিক আমার চৌকাঠে। সত্যিই কি আমি ছুঁতে পারি মেঘ?
বাল্যকালের কল্পনায় যে মেঘরাজ্যে ঘোরা হতো, আজ যেন বাস্তবে সেই জায়গায় আমি।
নাস্তা শেষে হেঁটে যাই পাহাড়ি ঝর্ণার দিকে। ৩০ মিনিট হাঁটার পর পাই এক কাঁচা পানির ঝর্ণা। ঠান্ডা জলে গোসল করে ক্লান্তি, ঘাম, সব মুছে যায়। শরীর হালকা হয়, মন যেন আকাশে ওড়ে।
এভাবেই শেষ হয় আমাদের এই যাত্রা। প্রকৃতির গহীনে হারিয়ে যাওয়া কয়েকটা দিন শুধু স্মৃতি নয়, এক জীবনের রসদ হয়ে রয়ে যায়।
এই ভ্রমণ কেবল এক জায়গা ঘুরে দেখা নয়। এটি ছিল নিজের ভিতরে হারিয়ে যাওয়া, প্রকৃতির সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ। বান্দরবানের গহীনে আমরা খুঁজে পেয়েছি নিস্তব্ধতা, সৌন্দর্য আর জীবনের অন্য এক ছন্দ।



