বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ফ্যাশন

এইবারের পুজায় ব্লাউজের জমকালো নকশা

1613998494_4

পুজো মানেই নতুন শাড়ি, নতুন সাজ আর অফুরন্ত উচ্ছ্বাস। তবে শুধু শাড়ি নয়। পুরো লুককে পরিপূর্ণ করে তোলে ব্লাউজ। শাড়ির সঙ্গে মানানসই বা কনট্রাস্ট ব্লাউজই পারে আপনার সাজকে অনন্য করে তুলতে। এ বছর ফ্যাশনের বাজারে এসেছে নানা রঙ ও ডিজাইনের অভিনব ব্লাউজ। এটি আপনাকে করে তুলবে একেবারে ‘পুজো রেডি’।

চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ব্লাউজ ডিজাইন এই বছর ট্রেন্ডিং-এ থাকে।

বেগনি জমকালো ব্লাউজ

জর্জেট, তসর বা সিল্কের শাড়ির সঙ্গে বেগনি রঙের জারদৌসি কারুকাজ করা ব্লাউজ দারুণ মানাচ্ছে এ বছর। এর ক্রিসক্রস ব্যাক ডিজাইন পুরো লুককে করে তুলবে আরও আকর্ষণীয়। শাড়ি সাধারণ হলেও এমন একটি ব্লাউজেই মিলবে জমকালো আবহ।

হাকোবা ব্লাউজের ম্যাজিক

যাঁরা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাঁদের জন্য হাকোবা ব্লাউজ হিট চয়েস। কালো ঘটিহাতা হাকোবা ব্লাউজে সাদা লেস, রঙিন লটকন আর সুতোর কাজ একেবারে নজরকাড়া। লাল শাড়ির সঙ্গে এই ব্লাউজ, অক্সিডাইজ়ড গয়না আর খোঁপায় ফুল। পুজোয় আপনার সাজে আনবেই আলাদা মাত্রা।

উল্টে-পরা ‘বহুরূপী’ ব্লাউজ

এক ব্লাউজেই দু’টি লুক। ভাবতে অবাক লাগলেও এ বছর এমন ব্লাউজ বাজারে মিলছে। একদিকে কলমকারি প্রিন্ট, উল্টোদিকে জামরঙ জামদানি। ষষ্ঠীতে একরঙা শাড়ির সঙ্গে কলমকারি লুক, আবার নবমীতে অন্য পিঠ উল্টে অন্য রঙের শাড়ির সঙ্গে নতুন সাজ। একই ব্লাউজ, কিন্তু লুক সম্পূর্ণ আলাদা।

ফুলেল ‘ব্ল্যাক রঙ্গন’

কালো জামদানি ব্লাউজে রঙ্গন ফুলের সূক্ষ্ম নকশা এ বছর বিশেষ জনপ্রিয়। হাতকাটা এই ব্লাউজের পুরো পিঠজুড়ে ফুলেল কাজ যেন নিজেই কথা বলে। খোঁপা করে চুল বাঁধলেই পিঠের কারুকাজ হবে সাজের মূল আকর্ষণ।

মেরুন জাল এম্ব্রয়ডারি ব্লাউজ

খোলামেলা ডিজাইন না চাইলে মেরুন জাল এম্ব্রয়ডারির ব্লাউজ হতে পারে দারুণ বিকল্প। কাঞ্জিভরম বা সিল্ক শাড়ির সঙ্গে মানাবে বেশ। এ বছর বোটনেক ডিজাইনও বেশ ট্রেন্ডে, যা স্মার্ট ও ছিমছাম লুক পছন্দকারীদের জন্য পারফেক্ট।

সাবেকি সাদা ব্লাউজ

পুজোর অষ্টমী বা দশমীতে লাল-সাদা শাড়ির সঙ্গে চাই সাবেকি ব্লাউজ। লেসের সূক্ষ্ম কাজ করা সাদা ব্লাউজ এখন আবার ফিরেছে ফ্যাশনের মঞ্চে। খানিকটা ক্রপ টপ স্টাইলে তৈরি এই ব্লাউজ সাবেকিয়ানা আর আধুনিকতার মেলবন্ধন এনে দেয়।

সব মিলিয়ে বলা যায়, এ বছরের পুজোয় ব্লাউজ শুধু শাড়ির পরিপূরক নয়, বরং আপনার সাজের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। তাই শেষ মুহূর্তে শাড়ির পাশাপাশি ব্লাউজ বাছাইতেও দিন বাড়তি মনোযোগ।

Advertisements