সাত পাকে বাঁধা পড়ার আগেই নিভে গেলো আগামীর স্বপ্ন, হবু স্বামীর আবেগঘন বার্তা

বিয়ের তারিখ আগেই চূড়ান্ত হয়েছিল। দুই পরিবারে চলছিল নতুন জীবনের প্রস্তুতি। মাদকাসক্ত বখাটে যুবকদের নির্মমতায় শুরু না হতেই শেষ হয়ে গেছে অদিত কর ও আগামী চক্রবর্তীর স্বপ্নগল্প।
রোববার (২৩ আগস্ট) রাতে ‘কারমাইকেল কলেজ ক্রাশ অ্যান্ড কনফেশনস’ নামের একটি ফেসবুক পেজে তার হবু স্বামী অদিত করের একটি পোস্ট তুলে ধরা হয়। সেখানে আগামী ও অদিতের একটি ছবি দিয়ে আবেগঘন বার্তা দেওয়া হয়।
পোস্টে অদিত কর লিখেছেন, আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল।
এটা বুধবারের ছবি। খুব করে বলল সেদিন—‘আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি।’ চিন্তা করও না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকব।
পেজটির পোস্টে বলা হয়, আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল।
অদিতের এক বন্ধু জানান, আগামী চক্রবর্তী ও অদিতের বিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছিল। দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতি নিয়ে কথাও হচ্ছিল। কিন্তু এমন ঘটনায় অদিত হতবাক। সেই বন্ধু আরও জানান, অদিত কর হবু স্ত্রী আগামীকে হারিয়ে ‘ট্রমাটাইজড’। কদিন আগে অদিতের বাবা মারা গেছেন। এখন তার হবু স্ত্রীও মারা গেলেন। পরিস্থিতিতে অদিতকে সান্ত্বনা দেয়ার ভাষা তার জানা নেই।
প্রসঙ্গত, গত শনিবার (২৩ আগস্ট) রাতে রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ার একটি বাসা থেকে চারজনের লাশ উদ্ধার হয়। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), তাদের মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)। তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



