বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
স্পটলাইট

রাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

raksu

আজ সোমবার থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত চলবে এই প্রচারণা।

তবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী প্রার্থীদের সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। যেমন- নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ প্রচারণায় অংশ নিতে পারবেন না।

প্রচারণায় ভবনের দেয়ালে লেখালেখি বা পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। রঙিন পোস্টার ব্যবহার করা যাবে না। সাদা-কালো পোস্টার ব্যবহার করতে হবে, যার আকার হবে দৈর্ঘ্য সর্বোচ্চ ৬০ সেমি এবং প্রস্থ ৪৫ সেমি। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না।

নির্বাচনী কার্যক্রম চলাকালে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং বহিরাগত কাউকে আবাসিক হলে থাকতে দেওয়া যাবে না। শুধু সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্ররা পরিচিতি সভায় প্রবেশ করতে পারবেন। ক্যাম্পাসে কোনো সভা আয়োজন করা হলে সেক্ষেত্রে প্রক্টরকে সভার স্থান ও সময় সম্পর্কে আগাম জানাতে হবে।

এছাড়াও আচরণবিধিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ প্রতিদ্বন্দ্বীকে ভয়ভীতি দেখাতে পারবেন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বলপ্রয়োগ করতে বা ভোটদানে বাধা সৃষ্টি করতে পারবেন না। হল ও একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও প্রচারণায় মিডিয়ার মাধ্যমে মানহানিকর, অশালীন বা উসকানিমূলক কথাবার্তা বলা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আজ থেকে রাকসুর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার চালাতে পারবেন। এছাড়া, আচরণবিধিতে কিছু বিষয় সংযোজন করা হবে।

ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।