একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিক, ইতিহাস গড়লেন ভানুয়াতুর অ্যান্ড্রু

একই ম্যাচে ব্যাট হাতে অর্ধশতক ও বল হাতে হ্যাটট্রিকের বিরল কীর্তি গড়লেন ভানুয়াতুর নারী ক্রিকেটার র্যাচেল অ্যান্ড্রু। ইন্দোনেশিয়ার বিপক্ষে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে মঙ্গলবার এই নজির স্থাপন করেন তিনি।
নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিক করেছিলেন কেবল ভানুয়াতুরই আরেক ক্রিকেটার সেলিনা সোলমান। চলতি বছরের মার্চে ফ্রান্সের বিপক্ষে তিনি ৫৬ রান ও হ্যাটট্রিক করেন।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নেমে ৪৯ বলে ফিফটি স্পর্শ করেন অ্যান্ড্রু। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ৭১ বলে ৮৫ রানের ইনিংস, যেখানে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। তার ব্যাটে ভর করেই ভানুয়াতু সংগ্রহ করে ১৩১ রান।
পরে বল হাতে নিয়েও আলো ছড়ান অ্যান্ড্রু। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রতিপক্ষের দরকার ছিল ১৬ রান, হাতে ছিল পাঁচ উইকেট। এমন পরিস্থিতিতে ১৯তম ওভারে এসে প্রথম বল ডট দেওয়ার পর টানা তিন বলে তিন উইকেট তুলে নেন তিনি। পুরো ওভার শেষ করেন রান না দিয়ে। তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১০-৩।
শেষ পর্যন্ত ইন্দোনেশিয়াকে ১২৪ রানে থামিয়ে ৭ রানের জয় পায় ভানুয়াতু। দলের জয়ে ব্যাট-বলে অ্যান্ড্রুর অলরাউন্ড পারফরম্যান্স তাকে নিয়ে যায় ইতিহাসের পাতায়।



