বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২১ জুন, ২০২৬
ফ্যাশন

চাকরির ভাইভায় কেমন হবে সাজপোশাক

300-SM1072086

চাকরির ভাইভা শুধু যোগ্যতা বা জ্ঞান যাচাইয়ের জায়গা নয়। বরং প্রার্থীর আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি এবং ব্যক্তিত্বও এখানে বড় ভূমিকা রাখে। তাই লিখিত পরীক্ষার মতোই গুরুত্ব দিতে হবে পোশাক নির্বাচনে। কারণ প্রথম ইমপ্রেশনই বোর্ড মেম্বারদের কাছে আপনাকে আলাদা করে তুলতে পারে।

ছেলেদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের পোশাক বেছে নেওয়া তুলনামূলক সহজ। সাদা ফরমাল শার্টের সঙ্গে কালো বা গাঢ় রঙের প্যান্ট সবচেয়ে মানানসই। জুতা হিসেবে কালো চামড়ার ফরমাল জুতা ভালো। তবে সেটি যেন খুব বেশি স্টাইলিশ না হয়। সঙ্গে কালো মোজা ব্যবহার করলে লুক আরও ফরমাল হয়। চুল ছোট ও পরিপাটি রাখা দরকার, আর হাতে কেবল একটি ঘড়ি থাকলেই যথেষ্ট। অযথা অলংকার ব্যবহার করার প্রয়োজন নেই।

মেয়েদের জন্য পোশাক নির্বাচনে কিছু বাড়তি খেয়াল রাখতে হয়। চাইলে শাড়ি পরা যেতে পারে। তবে সেটি যেন সাদামাটা ও মার্জিত হয়। সঙ্গে ফুলস্লিভ ব্লাউজ মানানসই দেখায়। সালোয়ার-কামিজও পরা যায়, তবে তা যেন সুতি বা হালকা ফেব্রিকের হয় এবং ভারী কাজ, চুমকি বা ঝলমলে নকশা এড়িয়ে যাওয়া ভালো। ওড়নাটা সবসময় সুন্দরভাবে পিন করে পরা উচিৎ যাতে অগোছালো না লাগে। জুতা পোশাকের সঙ্গে মানানসই হতে হবে। তবে অতিরিক্ত হাই হিল এড়িয়ে চলা ভালো।

রঙের ক্ষেত্রে শান্ত ও মার্জিত শেড বেছে নেওয়া সবচেয়ে ভালো। সাদা, নেভি ব্লু, ধূসর, কালো বা বাদামি ইন্টারভিউয়ের জন্য নিরাপদ ও মানানসই রঙ। অন্যদিকে উজ্জ্বল রঙ যেমন লাল, কমলা বা ম্যাজেন্টা ইন্টারভিউয়ের জন্য একেবারেই উপযুক্ত নয়।সাজগোজের ক্ষেত্রেও স্বাভাবিকতা বজায় রাখা জরুরি। মেয়েরা চাইলে হালকা মেকআপ করতে পারেন। ফেস পাউডার, পাতলা কাজল, ন্যাচারাল ব্রাউন বা পিঙ্ক লিপস্টিক যথেষ্ট। চুল সুন্দরভাবে আঁচড়ে বা বেঁধে রাখা ভালো। নখ পরিষ্কার ও ছোট করে কাটা উচিত, চাইলে হালকা নেইলপলিশ ব্যবহার করা যায়। ছেলেদের ক্ষেত্রে চুল ও দাড়ি পরিপাটি রাখা জরুরি, তবে কোনো ধরনের অলংকার ব্যবহার না করাই ভালো।

সবশেষে বলা যায়, ভাইভায় পোশাক ও সাজগোজের মূল উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে আত্মবিশ্বাসী, মার্জিত এবং পেশাদার হিসেবে উপস্থাপন করা। সাদামাটা কিন্তু পরিপাটি পোশাক-পরিচ্ছদ আপনাকে বোর্ড মেম্বারদের সামনে আরও গ্রহণযোগ্য করে তুলবে এবং আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলবে।